কয়েক দিনের মধ্যেই তৃণমূলও জাতীয় দলের স্বীকৃতি পেতে চলেছে বলে দাবি করলেন মুকুল রায়। তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল বুধবার তৃণমূল ভবনে বলেন, ‘‘পশ্চিমবঙ্গ, মণিপুর, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ— এই চারটি রাজ্যে স্বীকৃত দল হিসেবে আমাদের অস্তিত্ব রয়েছে। এর ভিত্তিতেই তৃণমূলকে জাতীয় দলের স্বীকৃতি দেওয়া হবে বলে দু’দিন আগেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে আমাকে ফোনে জানানো হয়েছে। এর ফলে দেশের ষষ্ঠ জাতীয় দল হবে তৃণমূল।’’ যে কোনও রাজনৈতিক দলকে আঞ্চলিক বা জাতীয় দলের মর্যাদা দেওয়ার বিষয়টি এত দিন পাঁচ বছর অন্তর পর্যালোচনা করা হত। সম্প্রতি কমিশন নিয়ম বদলে ১০ বছর অন্তর পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে।