দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় লোকসভার স্পিকার ওম বিড়লার উপস্থিতিতে কর্মসূচিতে অংশ নেবেন স্পিকার রথীন্দ্র বসু-সহ রাজ্যের মন্ত্রী ও বিধায়কেরা। শুক্রবার নিউটাউনে আয়োজিত কর্মসূচির শেষ পর্ব হবে আজ বিধানসভায়।
বিশ্বকাপ ফুটবলে আজ থেকে শুরু হয়ে যাচ্ছে প্রি-কোয়ার্টার ফাইনালের খেলা। প্রথম দিনই নামছে ফেভারিট ফ্রান্স। কিলিয়ান এমবাপেদের বিরুদ্ধে প্যারাগুয়ে। কারা যাবে শেষ আটে? খেলা রাত ২:৩০ থেকে। তার আগে রয়েছে কানাডা বনাম মরক্কো ম্যাচ। থেলা রাত ১০:৩০ থেকে। দু’টি খেলাই দেখা যাবে ইউনাইট৮ স্পোর্টস চ্যানেল ও জি৫ অ্যাপে। অন্য দিকে, আজ ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নামছে ভারত। দুর্বল আয়ারল্যান্ডের কাছে ০-২ ফলে হারার পর এ বার শ্রেয়স আয়ারের দলকে খেলতে হবে শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। সেই ম্যাচে রান পেয়েছেন অভিষেক শর্মা, শ্রেয়স আয়ার, শিবম দুবে। তবে সুযোগ হয়নি বৈভব সূর্যবংশীর। আয়ারল্যান্ডের বিরুদ্ধে গত সিরিজে এবং ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে তাকে না খেলানো নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। আজ কি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হবে তার? ইতিহাস কি লেখা হবে? খেলা সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে বৃহস্পতিবারই। তার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তে দক্ষিণের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। ছ’টি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। অন্য দিকে, উত্তরবঙ্গে বৃষ্টি তুলনামূলক কমেছে। তবে দার্জিলিং, কালিম্পঙে কিছু দিনের মধ্যে ফের শুরু হতে পারে ভারী বর্ষণ।