Advertisement
E-Paper

ফলতায় পুনর্নির্বাচন। পশুজবাই নিয়ে মামলার শুনানি। বেলুড়ে মুখ্যমন্ত্রী। দুর্গাপুরে প্রশাসনিক সভা। আর কী

ফলতা বিধানসভা পুনর্নির্বাচনে সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ২৮৫টি বুথে নিরাপত্তার জন্য ওই কেন্দ্রে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। সব বুথে ওয়েব কাস্টিং করা হচ্ছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ০৮:০১

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আজ ফলতা বিধানসভা আসনের পুনর্নির্বাচন রয়েছে। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ২৮৫টি বুথে নিরাপত্তার জন্য ওই কেন্দ্রে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। সব বুথে ওয়েব কাস্টিং করা হচ্ছে। এর আগে ওই কেন্দ্রের ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ উঠেছিল। তাই সব বুথে পুনর্নির্বাচন করার সিদ্ধান্ত নেয় কমিশন। এই অবস্থায় আজ নজর থাকবে সেখানকার ভোট পরিস্থিতির দিকে।

পশুজবাই নিয়ে ১৯৫০ সালের আইন কার্যকর করতে নির্দেশিকা জারি করেছে রাজ্য। তাদের ওই সিদ্ধান্তের ফলে বকরি ইদে কুরবানি নিয়ে সমস্যা তৈরি হয়েছে। সমস্যায় পড়েছেন গরু ব্যবসায়ীরাও। ওই আইনের ১২ নম্বর ধারায় বিশেষ ছাড়ের কথা বলা হয়েছে। এই অবস্থায় সেই ধারা রাজ্যকে পালন করতে নির্দেশ দিক আদালত— এই আবেদন জানিয়ে একাধিক জনস্বার্থ মামলা কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছে। মামলা করেছে তৃণমূলও। আজ হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে শুনানি রয়েছে। আদালত কী জানায় সে দিকে নজর থাকবে।

উত্তরবঙ্গ সফরের পরের দিনই জঙ্গলমহল-সহ দুই বর্ধমান জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে দুর্গাপুর যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে সকালে তিনি যাবেন বেলুড় মঠে। দুর্গাপুরের বৈঠক শেষ করে মুখ্যমন্ত্রী রওনা হবেন দিল্লির উদ্দেশে। সেখানে রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা হতে পারে তাঁর। আজ এই খবরে নজর থাকবে।

জমজমাট আইএসএলের আজ শেষ দিন। পাঁচটি দল রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে। তার মধ্যে সবচেয়ে ভাল জায়গায় ইস্টবেঙ্গল। জিতলেই লিগ চ্যাম্পিয়ন লাল-হলুদ। কিশোর ভারতী স্টেডিয়ামে তাদের ম্যাচ ইন্টার কাশীর বিরুদ্ধে। যুবভারতীতে মোহনবাগান খেলবে স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে। মোহনবাগানকে শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে ইস্টবেঙ্গলের দিকে। এ ছাড়াও লিগ জয়ের দৌড়ে রয়েছে পঞ্জাব, মুম্বই এবং জামশেদপুর। সব ম্যাচই শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও ফ্যানকোড অ্যাপে।

আইপিএলে আজ চেন্নাই সুপার কিংস মুখোমুখি গুজরাত টাইটান্সের। গ্রুপ পর্বে দু’টি দলেরই এটি শেষ ম্যাচ। চেন্নাইয়ের সামনে লক্ষ্য প্লে-অফে ওঠার। গুজরাতের লক্ষ্য প্রথম দুইয়ে শেষ করা। ফলে এই ম্যাচের যথেষ্ট গুরুত্ব রয়েছে। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে।পশ্চিম বিহার এবং আশপাশের এলাকার উপর আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। সমগ্র উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে।দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর ফলে সাময়িক ভাবে তাপমাত্রা কমবে। তবে গরমে স্থায়ী স্বস্তির সম্ভাবনা এখনই নেই।কলকাতাতেও হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি।

News of the Day Falta Re Election Suvendu Adhikari Animal Slaughter ISL 2026 IPL 2026 Chennai Super Kings Gujarat Titans Weather Today
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy