Advertisement
E-Paper

সীমান্তে ১০৫ একর জমি কেন্দ্রকে দিতে উদ্যোগী রাজ্য! জট কাটাতে আলোচনায় মমতার গড়ে দেওয়া মন্ত্রিগোষ্ঠী

সীমান্তবর্তী এলাকায় প্রায় ১৭ কিলোমিটার এলাকায় কাঁটাতার বসানোর জন্য জমি চাইছে কেন্দ্র। পাশাপাশি, বিএসএফের কয়েকটি সীমান্ত চৌকি তৈরিরও পরিকল্পনা রয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৮:৩৩
সীমান্তে বিএসএফের নজরদারি।

সীমান্তে বিএসএফের নজরদারি। —ফাইল চিত্র।

সীমান্তে কাঁটাতার বসানো এবং অন্য প্রয়োজনীয় কাজের জন্য কেন্দ্রকে ১০৫ একর জমি দিতে উদ্যোগী হয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঠিত মন্ত্রিগোষ্ঠী সম্প্রতি এই জমি হস্তান্তরের বিষয়ে আলোচনা করেছে। যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভাই।

বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে জমি হস্তান্তরের প্রস্তাব খতিয়ে দেখার জন্য আগেই একটি মন্ত্রিগোষ্ঠী গড়ে দেন মমতা। ওই মন্ত্রিগোষ্ঠীতে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস। কেন্দ্রের কাছ থেকে জমি সংক্রান্ত যে সব অনুরোধ আসে, তা প্রাথমিক ভাবে বিবেচনা করে দেখে এই মন্ত্রিগোষ্ঠী। জানা যাচ্ছে, গত শুক্রবার নবান্নে বৈঠকে বসেছিল মমতার গড়ে দেওয়া মন্ত্রিগোষ্ঠী। সেখানেই সীমান্তবর্তী এলাকায় রাজ্যের জমি কেন্দ্রকে দেওয়ার প্রস্তাবে প্রাথমিক সম্মতি দেওয়া হয় বলে সূত্রের খবর।

মন্ত্রিগোষ্ঠীর সম্মতির পরে আরও বেশ কয়েকটি পর্যায়ে এই হস্তান্তর প্রস্তাবে সবুজ সঙ্কেতের প্রয়োজন। মুখ্যমন্ত্রীর দফতর থেকে অনুমোদনের পরে সেটি পাঠানো হবে রাজ্য মন্ত্রিসভায়। সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। জানা যাচ্ছে, সীমান্তবর্তী এলাকায় প্রায় ১৭ কিলোমিটার এলাকায় কাঁটাতার বসানোর জন্য জমি চাইছে কেন্দ্র। পাশাপাশি, বিএসএফের কয়েকটি সীমান্ত চৌকি তৈরিরও পরিকল্পনা রয়েছে। সীমান্ত সংলগ্ন ওই এলাকায় ৯টি সীমান্তচৌকি তৈরি করতে চায় বিএসএফ।

জানা যাচ্ছে, সীমান্তে ১৭ কিলোমিটার কাঁটাতার দেওয়ার জন্য ৬৭ একর জমি দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি, ৯টি সীমান্তচৌকির জন্য ১৮ একর জমি দেওয়ার বিষয়েও প্রাথমিক ভাবে সায় দিয়েছে মন্ত্রিগোষ্ঠী। এর মধ্যে কিছু জমি ব্যক্তিগত মালিকানাতেও রয়েছে। বিএসএফ-এর কাছে হস্তান্তরের আগে ওই জমিগুলি কিনে নেবে রাজ্য সরকার। রাজ্যের মন্ত্রিসভা অনুমোদন দেওয়ার পরে জেলা প্রশাসন ওই জমিগুলি নিয়ে মালিকপক্ষের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা শুরু করবে বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি সীমান্ত লাগোয়া আরও কিছু এলাকায় বিএসএফ-কে ২০-২৫ একর জমি দেওয়ার পরিকল্পনা চলছে বলে জানা যাচ্ছে।

BSF West Bengal government
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy