এ বার বকেয়া মহার্ঘ ত্রাণ (ডিয়ারনেস রিলিফ বা ডিআর) দিতে শুরু করল রাজ্য সরকার। রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মী এবং তাঁদের পরিবার এই সুবিধা পাবেন। ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত বকেয়া ডিআর দেওয়া শুরু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে নবান্ন।
ডিআর সংক্রান্ত নবান্নের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় গত ২৯ মে। তাতে জানানো হয়েছে, কোনও কর্মী বা পেনশনভোগীর মৃত্যু হলে বকেয়া ডিআর পাবেন তাঁদের মনোনীত ব্যক্তি বা আইনগত উত্তরাধিকারী। সরকারি পর্যবেক্ষণে দেখা গিয়েছে, বকেয়া অর্থ বিতরণের সময় বহু ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মী বা পেনশনভোগী ইতিমধ্যেই প্রয়াত হয়েছেন। সেই সব ক্ষেত্রে অর্থপ্রদানের ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছিল। এই সমস্যা দূর করতে নতুন গাইডলাইন চালু করা হয় আগেই।
আরও পড়ুন:
ডিআর বকেয়ার ক্ষেত্রে যদি মনোনীত ব্যক্তির নাম সংশ্লিষ্ট দফতরে নথিভুক্ত থাকে, তা হলে সেই মনোনীত ব্যক্তিকেই অর্থ প্রদান করা হবে। যদি বর্তমান পারিবারিক পেনশনভোগী ও মনোনীত ব্যক্তি একই হন, তবে সরাসরি তাঁর অ্যাকাউন্টেই অর্থ পাঠানো হবে। অন্য দিকে, যদি মনোনীত ব্যক্তির তথ্য না থাকে, তা হলে আইনগত উত্তরাধিকারীদের প্রয়োজনীয় নথি জমা দিতে হবে এবং যাচাইয়ের ভিত্তিতে অর্থ প্রদান করা হবে।
রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়াও শুরু করেছে রাজ্য সরকার। নবান্নের অর্থ দফতর সূত্রে খবর, গত শুক্রবার থেকেই বকেয়া ডিএ-র টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। ২০০৮ সালের এপ্রিল মাস থেকে ২০১৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত সরকারি কর্মচারীদের ডিএ বাবদ যে টাকা বকেয়া রয়েছে, আপাতত তা দেওয়া হচ্ছে।