বিরোধীরা বার বার অভিযোগ তুলেছেন। অভিযোগ উঠেছে সাধারণ নাগরিকদের তরফেও। বিভিন্ন ঘটনায় পুলিশের শাসকপন্থী ভূমিকা দেখে একাধিক বার ‘দলদাস’ আখ্যাও দেওয়া হয়েছে তাদের। অভিযোগ উঠেছে, সদিচ্ছা থাকলেও অনেক ক্ষেত্রেই প্রশাসনের অন্দরে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না পুলিশ। রাজ্যে পালাবদলের পরে পুলিশ কতটা রাজনৈতিক ‘প্রভাবমুক্ত’ হয়ে কাজ করতে পারবে, তা বলার সময় এখনও আসেনি। কিন্তু বুধবার একটি অনুষ্ঠানে কলকাতার নগরপাল অজয় নন্দ দাবি করেছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশকে ‘ভয়মুক্ত’ হয়ে কাজ করতে বলায় বাহিনীতে অনেকেই কাজে উৎসাহ এবং আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন।
এ দিন সকালে পার্ক সার্কাসে কলকাতা ট্র্যাফিক পুলিশের একটি অনুষ্ঠানে গিয়ে নগরপাল এমন মন্তব্য করেন। পাশাপাশি, পার্ক সার্কাসে বিক্ষোভের ঘটনায় বাকি অভিযুক্তদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নগরপাল। ওই ঘটনায় নতুন করে আরও চার জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০।
এ দিন সকালে কলকাতা ট্র্যাফিক পুলিশের উদ্যোগে রাস্তায় কর্তব্যরত পুলিশকর্মীদের ‘সামার কিট’ বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে পার্ক সার্কাসে যান নগরপাল। অনুষ্ঠানের পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘ভয়মুক্ত’ হয়ে পুলিশকে কাজ করার যে বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন, তা পুলিশকর্মীদের উৎসাহিত করেছে। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী এখানে এসে পুলিশের সঙ্গে কথা বলেছেন, উৎসাহ দিয়েছেন। তাতে বাহিনীর সকলেই উৎসাহিত।’’
প্রসঙ্গত, তিলজলায় বাড়ি ভাঙার প্রতিবাদে তৈরি হওয়া জনরোষকে কেন্দ্র করে রবিবার উত্তপ্ত হয়ে উঠেছিল পার্ক সার্কাস এলাকা। সেখানে দফায় দফায় বিক্ষোভ, ভাঙচুরের পাশাপাশি, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয়। ওই ঘটনার পরদিনই, সোমবার পার্ক সার্কাস সংলগ্ন কলকাতা পুলিশের দক্ষিণ-পূর্ব ডিভিশনে পৌঁছে যান শুভেন্দু। সেখানে আহত পুলিশকর্মীদের সঙ্গে দেখা করে তাঁদের ‘ভয়মুক্ত’ হয়ে কাজ করার পরামর্শ দেন তিনি। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে কার্যত হুঁশিয়ারির সুরে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পার্ক সার্কাসের ঘটনার পুনরাবৃত্তি হতে দেব না। আবার এমন হলে আমার চেয়ে খারাপ পুলিশমন্ত্রী আর কেউ হবে না।’’ বিক্ষোভ ঠেকাতে পুলিশের ভূমিকার প্রশংসা করেছিলেন মুখ্যমন্ত্রী।
এ দিকে, পার্ক সার্কাসে বিক্ষোভের ঘটনায় কড়া অবস্থান নিয়েছে লালবাজার। নতুন করে আরও চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ দিন নগরপাল বলেন, ‘‘সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে। বাকি অভিযুক্তদেরও চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’’ আইনি ব্যবস্থার পাশাপাশি, নতুন করে বিক্ষোভ ঠেকাতে প্রস্তুতি নিচ্ছে লালবাজার। পার্ক সার্কাস সংলগ্ন এলাকায় জলকামান এনে রাখা হয়েছে বলে খবর। নগরপাল যদিও জানান, সেটি বাড়তি সতর্কতার জন্য আনা। এ দিন নগরপাল বলেন, ‘‘সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জনসংযোগের কাজও পুলিশ করছে।’’
ট্র্যাফিক পুলিশের প্রশংসাও করেন নগরপাল। গরমে ট্র্যাফিক পুলিশকর্মীদের ডিউটির সময়ে কিছুটা ছাড় দেওয়া হবে বলে জানান তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)