Advertisement
E-Paper

কলকাতা থেকে সরাসরি ভূস্বর্গে উড়ান ইন্ডিগোর

পুরী, দিঘা, দার্জিলিঙের পরে যে-সব শহর ভ্রমণপ্রিয় বাঙালিকে টেনে নিয়ে যায়, সেই তালিকার প্রথম দিকেই আছে গোয়া আর কাশ্মীর। কলকাতা থেকে ইতিমধ্যেই গোয়ায় সরাসরি উড়ান চালু করে দিয়েছে ইন্ডিগো। সেখানে যাত্রীও ভাল পাচ্ছে। এ বার কাশ্মীরের পালা। মাঝপথে কোথাও না-নেমে বাংলা থেকে যাত্রীদের সোজা ভূস্বর্গে পৌঁছে দেবে ইন্ডিগোর উড়ান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৫ ০৩:৪৬

পুরী, দিঘা, দার্জিলিঙের পরে যে-সব শহর ভ্রমণপ্রিয় বাঙালিকে টেনে নিয়ে যায়, সেই তালিকার প্রথম দিকেই আছে গোয়া আর কাশ্মীর। কলকাতা থেকে ইতিমধ্যেই গোয়ায় সরাসরি উড়ান চালু করে দিয়েছে ইন্ডিগো। সেখানে যাত্রীও ভাল পাচ্ছে। এ বার কাশ্মীরের পালা। মাঝপথে কোথাও না-নেমে বাংলা থেকে যাত্রীদের সোজা ভূস্বর্গে পৌঁছে দেবে ইন্ডিগোর উড়ান।

বিমান সংস্থাগুলির মধ্যে কলকাতা থেকে এখন সব চেয়ে বেশি ব্যবসা করছে ইন্ডিগো। এই মহানগর থেকে তাদেরই সব চেয়ে বেশি বিমান ওঠানামা করে। দ্বিতীয় স্থানে আছে এয়ার ইন্ডিয়া। ইন্ডিগোর প্রেসিডেন্ট আদিত্য ঘোষ মঙ্গলবার কলকাতায় জানান, অবিলম্বে কলকাতা থেকে কাশ্মীরে উড়ান চালানো হবে। তাঁর কথায়, ‘‘প্রথমে ভেবেছিলাম, বিমান ভূস্বর্গে যাবে দিল্লি ছুঁয়ে। কলকাতা থেকে যাঁরা কাশ্মীর যেতে চাইবেন, তাঁদের অবশ্য দিল্লিতে নামতে হবে না। বিমানও বদল করতে হবে না। দিল্লির যাত্রীদের নামিয়ে দিয়ে বিমান কাশ্মীর চলে যাবে।’’ কিন্তু বাজার যাচাই করে পরে সেই পরিকল্পনা বাতিল করেছেন তাঁরা। ঠিক হয়েছে, কলকাতা থেকে সরাসরি কাশ্মীরে যাবে বিমান। ঠিক যেমন গোয়ায় যাচ্ছে। আদিত্য বলেন, ‘‘তবে সেই বিমানকে আমরা জম্মুতে এক বার নামাতে পারি। তাতে বৈষ্ণোদেবীর যাত্রীও পাওয়া যাবে।’’

কলকাতা-গোয়া সরাসরি উড়ানের সাফল্য দেখে ভূস্বর্গে বিমান চালাতে উদ্যোগী হয়েছে ইন্ডিগো। ওই সংস্থা জানাচ্ছে, গোয়ার উড়ানে এত যাত্রী পাওয়া যাচ্ছে যে, কলকাতা থেকে ওই সমুদ্র-শহরে দিনের দ্বিতীয় উড়ান চালানোর পরিকল্পনাও শুরু হয়েছে।

Advertisement

শুধু অন্তর্দেশীয় রুটে নয়, কলকাতা আন্তর্জাতিক রুটেও উড়ান পরিষেবা সম্প্রসারিত করতে চাইছে ইন্ডিগো। কলকাতা থেকে এখন তাদের বিমান যায় শুধু ব্যাঙ্ককে। এ বার ঠিক হয়েছে, সিঙ্গাপুর, ঢাকা এবং কাঠমান্ডুও যাবে ইন্ডিগোর বিমান। আদিত্য বলেন, ‘‘কাঠমান্ডুর কথা প্রথম থেকেই ভেবে রাখা হয়েছিল। কিন্তু সেখানে সাম্প্রতিক ভূমিকম্পের জন্য আমাদের পরিকল্পনা পিছিয়ে দিতে হয়। এ বার সেখানেও উড়ান চালু করে দেওয়া হবে।’’

কয়েক দিনের মধ্যে কলকাতা-শিলচর রুটেও উড়ানও শুরু করছে ইন্ডিগো। সংস্থার প্রেসিডেন্ট জানান, কলকাতা-দিল্লি রুটে তাঁদের দৈনিক ন’টি উড়ান থাকলেও আরও উড়ান বাড়ানোর অনুরোধ আসছে। কলকাতা-বেঙ্গালুরু রুটে দিনে সাতটির জায়গায় ন’টি উড়ান চালু করার প্রস্তাব আসছে। তিনি বলেন, ‘‘শিকাগো শহরের অর্থনৈতিক উন্নয়নে অবদান আছে আমেরিকার ইউনাইটেড এয়ারলাইন্সের। তেমনই এই মূহূর্তে কলকাতার আর্থিক উন্নয়নে আমাদেরও অবদান রয়েছে বলে আমার বিশ্বাস। আগামী দিনে এই শহর থেকেই পাইলট, বিমানসেবিকা, ইঞ্জিনিয়ার যেমন নেওয়া হবে, তেমনই আমাদের যারা পরিষেবা দিচ্ছে, সেই সব হোটেল ও কেটারিং সংস্থা এবং গ্রাউন্ড হ্যান্ডলিং সংস্থারও ব্যবসা বাড়ছে।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy