Advertisement
E-Paper

ছোট মোটে ছোট নয়, বলে গেলেন গল্পকার

অশোককুমার সরকার স্মারক বক্তৃতায় বলছিলেন তিনি। তাঁকে তখন বলা গেল না, গল্পগুচ্ছের দেশেও লোকে ছোট গল্প বলতে সে রকমই ভাবে— ‘সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ।’

গৌতম চক্রবর্তী

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৬ ০৩:২৩
অশোককুমার সরকার স্মারক বক্তৃতায় লেখিকা মাগেলা বদুইন। —নিজস্ব চিত্র।

অশোককুমার সরকার স্মারক বক্তৃতায় লেখিকা মাগেলা বদুইন। —নিজস্ব চিত্র।

বলিভিয়ার তরুণী গল্পকার মাগেলা বদুইন তাঁর ছোট গল্পের উপযুক্ত পাঠক খুঁজছেন। ‘‘সেই পাঠক, যিনি তাড়াহুড়ো করেন না। যিনি জানেন, ছোট গল্পের রহস্য গোপন কোনও সংকেতে লুকিয়ে থাকে না। বরং তাৎপর্যহীন ছোট ছোট ডিটেলেই তার প্রাণ,’’ বুধবার বিকেলে বইমেলার বলিভিয়া প্যাভিলিয়নে অশোককুমার সরকার স্মারক বক্তৃতায় বলছিলেন তিনি। তাঁকে তখন বলা গেল না, গল্পগুচ্ছের দেশেও লোকে ছোট গল্প বলতে সে রকমই ভাবে— ‘সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ।’

বাংলা এবং বলিভিয়ার পাশাপাশি এ দিন রয়ে গেল আরও অনেক কিছু। মাগেলা তাঁর ছোট গল্প সঙ্কলন ‘কম্পোজিশন অব সল্ট’-এর জন্য গত বছর গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ স্মারক পুরস্কার পেয়েছেন। এ দিনও তাঁর বক্তৃতায় ভেসে এল গার্সিয়া মার্কেজের ছোট গল্পের কথা। নোবেল পুরস্কারপ্রাপ্ত ঔপন্যাসিকের ছোট গল্পের ‘সন্ধ্যা ৬টায় আসা মেয়েটি’ বা ‘সরলা এরেন্দিরা ও তার নিদয়া ঠাকুমা’ তো গত কয়েক দশক ধরে বাঙালির হৃদয়ে।

বলিভিয়ার এই মেয়ে বাংলার তিলোত্তমা মজুমদার বা সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়দেরও পরের নেট-স্যাভি প্রজন্ম। ‘‘ইন্টারনেটের সৌজন্যে লাতিন আমেরিকার ছোট গল্পে এখন বিপ্লব। ব্লগ, ওয়েবপেজ ও অন্য অনলাইন সাহিত্য সেখানে নতুন জীবনীশক্তি এনেছে,’’ বলছিলেন তিনি। আরও জানালেন, ‘‘উপন্যাসের রমরমার এই যুগেও ছোট গল্প অনেক বেশি তীক্ষ্ণ ও ক্ষমতাসম্পন্ন। আমি সেই গল্প চাই, যার বাস কবিতার অন্দরে।’’ তাঁকে আরও বলা গেল না, তাঁর জন্মভূমি বলিভিয়ার জঙ্গলে সিআইএ-র হাতে গেরিলা যোদ্ধার মৃত্যুও কৃত্তিবাস যুগের বাঙালি কবিকে নাড়িয়ে দিয়ে সাড়াজাগানো পংক্তি খোদাই করে, ‘চে, তোমার মৃত্যু আজও আমাকে অপরাধী করে দেয়।’ এ দিনের অশোককুমার সরকার স্মারক বক্তৃতায় বাংলা থেকে বলিভিয়া, কলম্বিয়া থেকে কলকাতা, কবিতা থেকে ছোট গল্প— সব মিলেমিশে একাকার।

এক উপন্যাস লেখার সময় ‘কম্পোজিশন অব সল্ট’-এর ছোট গল্পগুলি লিখছিলেন মাগেলা। ‘‘চাইছিলাম দৈনন্দিন তুচ্ছতার মধ্যে দিয়ে আমাদের অস্তিত্বের ফাটলগুলি বোঝা যাক।’’ লাতিন আমেরিকার ছোট গল্পকার বোর্হেজই তো দুনিয়াকে চিনিয়েছিলেন গোলকধাঁধার যন্ত্রণা। সেই গোলকধাঁধা থেকে বাদ যায়নি মাগেলার দেশও। যাঁর নামে বলিভিয়া, সেই বিপ্লবী সাইমন বলিভারকে নিয়ে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের উপন্যাসের নামই তো ছিল ‘দ্য জেনারেল ইন হিজ ল্যাবাইরিন্থ।’

লেখিকার পুরো বক্তৃতাই স্প্যানিশ ভাষায়। অশোককুমার সরকার স্মারক বক্তৃতা এ বার ছাপিয়ে গেল ইংরেজি ভাষার পরিচিত গণ্ডি। একান্তে লেখিকা অবশ্য জানালেন, ইউরোপের প্রকাশনা সংস্থা অচিরে এ দেশে আনবে তাঁর গল্পের ইংরেজি অনুবাদ। ইংরেজি ভাষা ছাড়া বাঙালির বিশ্বসফর আজও সম্পন্ন হয় না। স্প্যানিশ সেখানে ‘তুতো ভাই’।

তবে এ কথাও তো না মেনে উপায় নেই, মিলন মেলায় ফি-বছরের বই পার্বণে ভাষা বা বিষয়বস্তুর দেওয়ালগুলো একাকার হয়ে যাওয়াটাই দস্তুর। এ দিন যেমন মমার্তে প্রকাশিত হল বঙ্গকন্যা শ্রীরূপা পালের ‘ট্রেনে ট্রেনে ইউরোপ’। আড্ডা-গান-চায়ের কাপে শীতের বুধ-সন্ধে গড়িয়ে যাচ্ছিল রাতের দিকে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy