গত ২৮ ফেব্রুয়ারি ইজ়রায়েলি ফৌজ যখন ইরানের বিরুদ্ধে ‘অপারেশন লায়নস রোর’ শুরু করেছিল, তিনি কি তখন লড়াই চালাচ্ছিলেন মারণব্যাধি কর্কটের বিরুদ্ধে? শুক্রবার ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্তব্যের পরে এমনই জল্পনা তৈরি হয়েছে।
প্রাথমিক পর্যায়ের প্রস্টেট ক্যানসারের সঙ্গে তাঁর সেই লড়াই সফল হয়েছে বলেও জানিয়েছেন ইজ়রায়েলি প্রধানমন্ত্রী। তবে কবে, কখন তাঁর ক্যানসারের চিকিৎসা হয়েছে, তা সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করেননি তিনি। প্রসঙ্গত, ২০২৪ সালের ডিসেম্বরে নেতানিয়াহুর প্রস্টেট সার্জারি হয়েছিল। এর পরে এক রুটিন চেক আপে ধরা পড়েছিল তাঁর প্রেস্টেটে এক সেন্টিমিটারের চেয়েও ছোট একটি ম্যালিগন্যান্ট টিউমার রয়েছে।
আরও পড়ুন:
তবে শরীরের অন্যত্র সংক্রামণ ছড়িয়ে পড়ার আগেই সেটি শনাক্ত করা হয়েছিল। সম্প্রতি জেরুসালেমের হাদাসাহ মেডিক্যাল সেন্টারে সফল চিকিৎসায় ক্যানসার টিউমারটি নির্মূল হয়েছে বলে ইজ়রায়েলি সংবাদমাধ্যমের একাংশ জানিয়েছে। সমাজমাধ্যমে নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণেই তাঁর ‘রেডিয়েশন থেরাপি’র খবর সে সময় প্রকাশ্যে আনা হয়নি।