Advertisement
E-Paper

পাকিস্তানের কাকে সবচেয়ে ভাল লাগে ভান্সের? প্রিয় ভারতীয়ই বা কে? উত্তর দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

সুইৎজ়ারল্যান্ডে শান্তি-আলোচনায় বসেছে আমেরিকা ও ইরান। মধ্যস্থতাকারী হিসাবে রয়েছেন পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরাও। সেখানে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভান্স।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ০৯:০১
আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।

আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। —ফাইল চিত্র।

নিজের সবচেয়ে পছন্দের পাকিস্তানি এবং প্রিয় ভারতীয়ের নাম জানিয়ে দিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তিনি জানিয়েছেন, পাকিস্তানের সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনিরই পাকিস্তানি হিসাবে তাঁর সবচেয়ে প্রিয়। তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠেছেন মুনির। এ ছাড়া, আরও এক জন গুরুত্বপূর্ণ মানুষ ভান্সের জীবনে রয়েছেন। তিনি ভারতীয়। প্রিয় ভারতীয় হিসাবে নিজের স্ত্রী ঊষা ভান্সের নাম করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

সুইৎজ়ারল্যান্ডে শান্তি-আলোচনায় বসেছে আমেরিকা ও ইরান। মধ্যস্থতাকারী হিসাবে রয়েছেন পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরাও। সেখানে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভান্স। সুইস রিসর্টের যে ঘরে বৈঠক হচ্ছিল, সেখানেই মুনিরের ভূয়ষী প্রশংসা করেন তিনি। বলেন, ‘‘ইসলামাবাদে প্রধানমন্ত্রীর সঙ্গে ফিল্ড মার্শাল আসিম মুনির যে দিন আমাদের স্বাগত জানালেন, আমি তখন থেকেই মজা করে বলি, আমার জীবনে দু’জন খুব খুব গুরুত্বপূর্ণ মানুষ রয়েছেন— তাঁদের এক জন ভারতীয় এবং এক জন পাকিস্তানি। ভারতীয় হলেন আমার স্ত্রী আর পাকিস্তানি হলেন মুনির।’’

উল্লেখ্য, ভান্সের স্ত্রী ঊষা ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। আমেরিকাতেই তাঁর জন্ম। তাঁর বাবা-মা তেলুগু পরিবার থেকে কয়েক দশক আগে আমেরিকায় চলে যান এবং সেখানেই স্থায়ী ভাবে বসবাস শুরু করেন।

ভান্স জানান, গত তিন মাসে মুনিরের সঙ্গে সবচেয়ে বেশি কথা বলেছেন তিনি। তাঁর কথায়, ‘‘মুনির না থাকলে আমি আজ এখানে থাকতাম না। উনি একজন অসাধারণ সামরিক নেতা। তবে আমার মনে হয়, উনি নিজেকে দারুণ কূটনীতিক হিসাবেও প্রমাণ করেছেন।’’

ইরান সমস্যার কূটনৈতিক সমাধানের রাস্তা খুঁজে পেয়ে আমেরিকা কৃতজ্ঞ, জানিয়েছেন ভান্স। তার জন্য পাকিস্তান এবং কাতারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তবে সুইৎজ়ারল্যান্ডের আলোচনা থেকে সমাধানসূত্র বার করা যায় কি না, তা নিয়ে কৌতূহল রয়েছে। কারণ, ইতিমধ্যে রবিবার প্রথম দফার আলোচনায় ছন্দপতন ঘটে গিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে রুষ্ট হয়ে আলোচনা মাঝপথে থামিয়ে ঘর থেকে বেরিয়ে যান ইরানি প্রতিনিধিরা। সোমবার ফের আলোচনায় বসবেন তাঁরা।

Switzerland JD Vance US Iran Peace Deal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy