Advertisement
E-Paper

ইরানের সঙ্গে বোঝাপড়া চূড়ান্ত, কেবল স্বাক্ষরের অপেক্ষা! দাবি ট্রাম্পের, এখনও কোনও সিদ্ধান্ত হয়নি, পাল্টা দাবি তেহরানের

ইরানের সঙ্গে বোঝাপড়া চূড়ান্ত হয়ে গিয়েছে বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সপ্তাহান্তেই এই বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলেও দাবি করেছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ০৮:৩০
(বাঁ দিকে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই (ডান দিকে)।

(বাঁ দিকে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই (ডান দিকে)। —ফাইল চিত্র।

ইরানের সঙ্গে বোঝাপড়া চূড়ান্ত হয়ে গিয়েছে বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সপ্তাহান্তেই এই বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলেও দাবি করেছেন তিনি। ইরানের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু বলা না-হলেও সে দেশের আধা সরকারি সংবাদসংস্থা ‘ফার্স নিউজ়’ জানিয়েছে, চুক্তিপত্রের খসড়া এখনও চূড়ান্ত করেনি তেহরান।

ট্রাম্প আগেই জানিয়েছিলেন যে, ইরানে নতুন করে হামলা চালানোর সিদ্ধান্ত থেকে সরে আসছেন তিনি। ইরানে বোমা হামলার হুমকির পাশাপাশি সে দেশে তেল রফতানির কেন্দ্রস্থল খার্গ দ্বীপ দখলের ইচ্ছা প্রকাশও করেছিলেন। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় (ভারতীয় সময় অনুসারে) ইরানে হামলা ও বোমাবর্ষণের পরিকল্পনা বাতিল করার সিদ্ধান্ত নেন ট্রাম্প।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, “আমরা ইরান যুদ্ধ নিয়ে দারুণ একটা বোঝাপড়া করে ফেলেছি। আমরা (চুক্তি) স্বাক্ষর করলেই আনুষ্ঠানিক ভাবে হরমুজ় প্রণালী খুলে যাবে। চুক্তি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি হতে পারে। হয়তো সপ্তাহের শেষেই ইউরোপে হয়ে যেতে পারে।” পরে সমাজমাধ্যমে একটি পোস্ট করে ট্রাম্প জানান, আমেরিকার সঙ্গে আলোচনার বিষয়টি ইরানের সর্বোচ্চ নেতৃত্বের কানে পৌঁছেছে এবং তাঁরা বোঝাপড়ার বিষয়ে অনুমোদন দিয়েছেন। ট্রাম্প এ-ও জানিয়েছেন যে, আমেরিকা এবং ইরানের মধ্যে বোঝাপড়ার বিষয়টি মেনে নিয়েছে ইজ়রায়েল, সৌদি আরব, কাতার, তুরস্ক, স‌ংযুক্ত আরব আমিরশাহি, পাকিস্তান, বাহরিন, জর্ডন এবং মিশর।

ইরানের ‘ফার্স নিউজ়’ সংবাদসংস্থার উপর সে দেশের সেনাবাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ডের বিশেষ প্রভাব রয়েছে। তাদের দাবি, সম্ভাব্য চুক্তির যে খসড়া, তা এখনও চূড়ান্ত করেনি ইরান। ট্রাম্প দাবি করেছেন, হরমুজ় প্রণালীতে অবাধে জাহাজ চলাচল করতে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে ইরান। চুক্তির অন্যতম শর্ত হিসাবে ইরান তাদের পরমাণু কর্মসূচি নিয়ে ৬০ দিন ধরে বোঝাপড়া করতে রাজি হয়েছে বলেও দাবি মার্কিন প্রেসিডেন্টের। এই পরিস্থিতিতে সুনির্দিষ্ট কোনও শর্তের কথা না-বললেও ইরানের আধা সরকারি সংবাদসংস্থার পাল্টা দাবি, চুক্তির খসড়া নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি তেহরান।

ইরানের আর এক সংবাদসংস্থা ‘তাসনিম নিউজ়’-এর প্রতিবেদনে বলা হয়েছে, সমঝোতার বিষয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানাবে ইরানই। এর আগেও ট্রাম্প একপাক্ষিক ভাবে নিজের সিদ্ধান্ত ইরানের উপর চাপিয়ে দিয়েছিলেন বলেও দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে। ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই এই প্রসঙ্গে বলেন, “(চুক্তিপত্রে) অধিকাংশ বিষয়ই চূড়ান্ত হয়ে গিয়েছে। কিন্তু আমেরিকানরা বার বার অবস্থান বদলাচ্ছেন।” ইরান নির্দিষ্ট সীমার বাইরে বেরিয়ে কোনও আপসরফায় যাবে না বলেও জানিয়েছেন তিনি।

সংক্ষেপে
  • ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
  • আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
  • শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
Donald Trump Iran US
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy