এ যেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসা! ২ বছরের এক শিশুকে গিলে ফেলেছিল একটি দৈত্যাকার জলহস্তী। তার পর মুখ থেকে ওই শিশুটিকে উগরেও দেয় সে। এমন ঘটনাটি ঘটেছে উগান্ডায়।
এমন ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে চলতি বছরের এপ্রিল মাসে। তবে সম্প্রতি এই খবর প্রকাশ্যে এসেছে। ঘটনার দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে। সমাজমাধ্যমে ছড়িয়েছে ভিডিয়ো। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
আরও পড়ুন:
এডওয়ার্ডস হ্রদে জলহস্তীর আক্রমণের মুখে পড়ে শিশুটি। হ্রদের কাছেই শিশুটির বাড়ি। নিজের বাড়ির বাইরে খেলছিল সে। খেলতে খেলতে হ্রদের কাছে চলে গিয়েছিল ওই শিশুটি। তার পরই জলহস্তীর আক্রমণের মুখে পড়ে সে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিশুটির অর্ধেক দেহ গিলে ফেলেছিল জলহস্তী। এমনটা দেখে স্থানীয়রা পাথর ছোড়েন জলহস্তীর দিকে। তার পরই বাচ্চাটিকে মুখ থেকে বার করে ছুড়ে ফেলে জলহস্তী। শিশুটিকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শিশুটির দেহে ঠিক কী ধরনের আঘাত লেগেছে, তা জানা যায়নি। তাকে জলাতঙ্কের প্রতিষেধক দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
কেউ কেউ দাবি করেছেন, জলহস্তীটি আসলে শিশুটিকে নিয়ে খেলছিল। শিশুটিকে খাওয়ার উদ্দেশ্য ছিল না তার। কারণ, জলহস্তী নিরামিষাশি। তবে ভয় পেলে তারা মানুষের উপরও আক্রমণ করে। আফ্রিকায় জলহস্তীর আক্রমণে বছরে প্রায় ৫০০ জনের মৃত্যু হয়।