E-Paper

মিনাবে হানার নেপথ্যের অফিসারদের ছবি প্রকাশ

ভারতে অবস্থিত ইরানের দূতাবাসের এক্স হ্যান্ডলে পোস্ট করে জানানো হয়েছে, আমেরিকার ‘ডেস্ট্রয়ার’ শ্রেণির এক যুদ্ধ জাহাজের কমান্ডিং অফিসার লেই রিচার্ড টেট এবং সেই জাহাজেরই এগ্‌জ়িকিউটিভ অফিসার জেফ্রি ই. ইয়র্কের নির্দেশে মিনাবের ওই স্কুলে তিন দফায় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ০৮:৪৭

—ফাইল চিত্র।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনেই দক্ষিণ ইরানের মিনাব শহরে অবস্থিত একটি প্রাথমিক স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইজ়রায়েল এবং আমেরিকার যৌথ বাহিনী। ঘটনায় মৃত্যু হয়েছিল অন্তত ১৭৫ জনের। যার মধ্যে সিংহভাগই ছিল স্কুল ছাত্রী। সেই হামলার সবুজ সঙ্কেত দিয়েছিলেন আমেরিকান নৌবাহিনীর যে দুই অফিসার, রবিবার তাঁদের নাম এবং ছবি প্রকাশ করেছে ইরান। আজ সকালে ভারতে অবস্থিত ইরানের দূতাবাসের এক্স হ্যান্ডলে পোস্ট করে জানানো হয়েছে, আমেরিকার ‘ডেস্ট্রয়ার’ শ্রেণির এক যুদ্ধ জাহাজের কমান্ডিং অফিসার লেই রিচার্ড টেট এবং সেই জাহাজেরই এগ্‌জ়িকিউটিভ অফিসার জেফ্রি ই. ইয়র্কের নির্দেশে মিনাবের ওই স্কুলে তিন দফায় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল।

ওই হামলার পরে বিষয়টিকে প্রযুক্তিগত ত্রুটি বলে ব্যাখ্যা করেছিল আমেরিকা ও ইজ়রায়েল। তবে সেই যুক্তি ধোপে টেকেনি। আন্তর্জাতিক স্তরে বিষয়টি নিয়ে তীব্র নিন্দার মুখে পড়ে ঘটনার তদন্ত শুরু করেছিল আমেরিকা। ঘটনার পর এক মাসেরও বেশি সময় কাটলেও, তদন্তের রিপোর্ট এখনও সামনে আসেনি। আমেরিকার সেনাবাহিনী তরফে জানানো হয়েছে, তদন্ত এখনও চলছে। এ দিকে, সম্প্রতি ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি মিনাব শহরের প্রাথমিক স্কুলের উপর এ হেন হানাকে সুপরিকল্পিত হামলা বলে ব্যাখ্যা করেছেন। তাঁর কথায়, “আমেরিকা ও ইজ়রায়েল যতই বিষয়টিকে লঘু করার চেষ্টা করুক, তথ্য বলছে এই হামলা ছিল সুপরিকল্পিত। এটি ছিল মানবতার বিরুদ্ধে অপরাধ।” এমন পরিস্থিতিতে ইরানের তরফে আমেরিকার নৌবাহিনীর দুই অফিসারের ছবি প্রকাশ বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছে ভূ-রাজনীতির বিশেষজ্ঞদের একাংশ।

প্রসঙ্গত, আজ ভারতের ইরানি দূতাবাসের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা এবং নাইজিরিয়ায় অবস্থিত ইরানের দূতাবাসের তরফেও আমেরিকার নৌবাহিনীর ওই দুই অফিসারের ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার ইরানি দূতাবাসের তরফে করা পোস্টে প্রশ্ন করা হয়েছে, ‘...ওঁদের কি নিজেদের সন্তান রয়েছে’?

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

US-Israel vs Iran Iran-Israel Conflict

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy