Advertisement
E-Paper

জ্বালানির সঙ্কটে ভুগছে রাশিয়া! পাম্পে লম্বা লাইন! জোগান চালু রাখতে ভারতের কাছ থেকেও কেনা শুরু করল পেট্রল: রিপোর্ট

রাশিয়া থেকে অশোধিত তেল আমদানি করে ভারত। কিন্তু সেই রাশিয়াই এখন জ্বালানি সঙ্কটে পড়েছে। এখন পরিস্থিতি এমনই হয়েছে যে ভারতের কাছ থেকেও পেট্রল আমদানি করতে হচ্ছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১১:৪৮

— প্রতীকী চিত্র।

বন্ধুর ‘দুর্দিনে’ এ বার পাশে দাঁড়াল ভারত। চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের জেরে সম্প্রতি জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে রাশিয়ায়। সেই ধাক্কা সামাল দিতে ভারতের কাছ থেকে গ্যাসোলিন (পেট্রল) আমদানি শুরু করেছে রাশিয়া। সূত্র মারফত এমনটাই জানাচ্ছে পুতিনের দেশ। দাবি করা হচ্ছে, ভারত থেকে অন্তত ৬০,০০০ টন পেট্রল রফতানি করা হয়েছে রাশিয়ায়। যদিও নয়াদিল্লির পেট্রোলিয়াম মন্ত্রক এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। মুখ খোলেনি রুশ শক্তি মন্ত্রকও।

জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। ভারতও বহু বছর ধরে রাশিয়ার কাছ থেকে অশোধিত জ্বালানি কেনে। রুশ তেল কেনা নিয়ে আমেরিকার সঙ্গে ভারতের চাপানউতরও তৈরি হয়েছিল মাঝে। সেই রাশিয়াতেই ক্রমশ তীব্র হতে শুরু করেছে জ্বালানি সঙ্কট। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার বিভিন্ন জ্বালানি কেন্দ্র এবং শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেন। গত বৃহস্পতিবার উত্তর-পশ্চিম রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলেও তৈল শোধনাগার এবং রফতানিকেন্দ্রে ড্রোন হামলা হয়েছিল। ওই দিন ছ’টি ড্রোনকে ধ্বংস করেছে রুশ বাহিনী।

পরিস্থিতি এমন হয়েছে যে, রাশিয়ার বিভিন্ন অঞ্চলে পেট্রলের জোগান চালু রাখতে রেশনিং ব্যবস্থা শুরু করা হয়েছে। লম্বা লাইন জমতে শুরু করেছে রাশিয়ার বিভিন্ন পেট্রল পাম্পে। গত মঙ্গলবারই ক্রেমলিন জানিয়েছে, তারা বিভিন্ন দেশের সঙ্গে কথাবার্তা বলছে। সঠিক দামে জ্বালানি আমদানির বিষয়ে আলোচনা চলছে। এরই মধ্যে বিভিন্ন সূত্রের ভিত্তিতে রয়টার্স জানাচ্ছে, জলপথে ভারত থেকে পেট্রল আমদানি শুরু করেছে রাশিয়া।

পেট্রোলিয়াম শিল্পের সঙ্গে জড়িত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ভারত থেকে অন্তত ৬০,০০০ টন পেট্রল রাশিয়ায় পাঠানো হয়েছে। অপর একটি সূত্র জানিয়েছে, দু’টি ট্যাঙ্কার পাঠানো হয়েছে রাশিয়ায়। তার প্রতিটিতে ৩০,০০০-৪০,০০০ টন পেট্রল রয়েছে। তৃতীয় একটি সূত্র জানিয়েছে, প্রতি মাসে বিভিন্ন দেশ থেকে মোট ৪ লক্ষ টন পেট্রল আমদানির পরিকল্পনা রয়েছে রাশিয়ার। তালিকায় রয়েছে রুশ-প্রতিবেশী রাষ্ট্র বেলারুশও। সেখান থেকে ইতিমধ্যে জ্বালানি আমদানি শুরু করেছে মস্কো।

উল্লেখ্য, গ্রীষ্মের মরসুমে রাশিয়ায় জ্বালানির চাহিদাও বেশি থাকে। এই সময়ে রাশিয়ায় দিনে গড়ে প্রায় ১ লক্ষ ১০ হাজার টন পেট্রল ব্যবহার হয়। এমন একটি সময়ে জ্বালানি সঙ্কট দেখা দেওয়ায় বিপাকে পড়েছে রাশিয়াও। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রুশ নিয়ন্ত্রণে থাকা ক্রিমিয়ার বৃহত্তম শহর সেভাস্তোপোলে গত এক সপ্তাহে পেট্রলের দাম প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রাশিয়ার অন্য বিভিন্ন অঞ্চলেও খুচরো বাজারে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি মোকাবিলা করতে আঞ্চলিক স্তরে কিছু কড়াকড়িও চালু হয়েছে। কোথাও কোথাও ব্যক্তিগত গাড়ির মালিকদের কাছে জ্বালানি বিক্রি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।

এ অবস্থায় ভারত-সহ বিভিন্ন ‘বন্ধু’ দেশের কাছ থেকে পেট্রল আমদানি শুরু করেছে রাশিয়া। তবে ভারতের কোন শোধন সংস্থার কাছ থেকে রাশিয়া পেট্রল নিচ্ছে, তা প্রাথমিক ভাবে স্পষ্ট নয়। গত রবিবার রুশ মন্ত্রী এবং আধিকারিকদের নিয়ে একটি বৈঠকে বসেছিলেন পুতিন। রয়টার্স জানাচ্ছে, রাশিয়ার কিছু অঞ্চলে যে জ্বালানি সমস্যা তৈরি হয়েছে, তা ওই বৈঠকে স্বীকার করে নিয়েছেন রুশ প্রেসিডেন্ট। প্রশাসন পরিস্থিতি সামাল দিচ্ছে বলেও ওই বৈঠকে জানিয়েছেন তিনি।

Russia Petrol Moscow

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy