আবার বন্দুকবাজের হামলার শিকার ওয়াশিংটন হিলটন হোটেল। আবার নিশানায় মার্কিন প্রেসিডেন্ট। ব্যবধান ঠিক ৪৫ বছরের।
১৯৮১ সালের ৩০ মার্চ আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রেগনের উপর হামলা হয়েছিল হোয়াইট হাউসের অদূরের ওই হোটেলে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র ৬৯ দিন পরে বুলেটবিদ্ধ হয়েছিলেন তিনি। হিলটন হোটেলে একটি আলোচনাসভায় যোগ দিয়ে বেরনোর সময় রেগনকে নিশানা করেছিলেন ২৫ বছরের জন হিঙ্কলে জুনিয়র। নিজের .২২ রিভলভার দিয়ে ছ’টি গুলি ছুড়েছিলেন তিনি। তার একটি আঘাত করেছিল রেগনের বাঁদিকের ফুসফুসে।
তবে মার্কিন প্রেসিডেন্টের শরীরে আঘাত করার আগে গাড়ির দরজার লেগে দিকভ্রষ্ট হয়েছিল গুলিটি। ফলে প্রাণঘাতী হয়নি সেই আঘাত। দু’সপ্তাহ হাসপাতালে থাকার পরে ছাড়া পেয়েছিলেন। হিঙ্কলের ছোড়া অন্য পাঁচটি গুলিতে রেগনের প্রেস সচিব জেমস ব্র্যাডি, সিক্রেট সার্ভিস এজেন্ট টিমোথি ম্যাকার্থি এবং পুলিশ আধিকারিক টমাস ডেলাহান্টি আহত হয়েছিলেন। বিচারপর্বে হিঙ্কলে জানান, তিনি হলিউড অভিনেত্রী জোডি ফস্টারের ভক্ত। প্রিয় অভিনেত্রী যাতে তাঁর নাম জানতে পারেন, সে কারণেই হামলার পরিকল্পনা করেছিলেন। আদালত ‘মানসিক ভারসাম্যহীন’ ঘোষণা করায় সাজা হয়নি হিঙ্কলের। তাঁকে পাঠানো হয় মনোরোগ চিকিৎসাকেন্দ্রে!
আরও পড়ুন:
শনিবার রাতে (ওয়াশিংটনের সময়) হোয়াইট হাউসের অদূরে ওই ওয়াশিংটন হিলটন হোটেলেই একটি নৈশভোজ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউস কভার করা সাংবাদিকদের জন্য প্রথা মেনে ওই বার্ষিক নৈশভোজের আয়োজন করা হয়েছিল তাঁর দফতরের তরফে। ট্রাম্পের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এ ছাড়া, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স-সহ একাধিক মার্কিন উচ্চপদস্থ আধিকারিক ও নেতা নৈশভোজে উপস্থিত ছিলেন। সেখানেই হামলা চালান ৩১ বছরের কোল টমাস অ্যালেন। ওই যুবক দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একজন শিক্ষক এবং ভিডিয়ো গেম ডেভেলপার হিসেবে কাজ করতেন বলে আমেরিকার সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে। নিরাপত্তারক্ষীদের গুলিতে আহত টমাসকে গ্রেফতার করা হয়েছে।