দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ১৯ জনকে। তাঁরা এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ গ্রেফতার করেছে ছয় জনকে। তাঁদের মধ্যে চার জনের নামই এফআইআরে ছিল। জানা গিয়েছে, গুদামটির জমি কলকাতা বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে ৩০ বছরের জন্য লিজ় নিয়েছিল বেহরা ব্রাদার্স নামের একটি সংস্থা। তার মালিক শম্ভুনাথ বেহরাও গ্রেফতার হয়েছেন। গুদামের নকশাটি ত্রুটিপূর্ণ ছিল বলে অভিযোগ। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুণের কাছে লোণাবলার লোহাগড় দুর্গ থেকে গত ১৮ জুন খাদে পড়ে যান কেতন অগ্রবাল। বাগ্দত্তা সিয়া গয়ালের সঙ্গে ওই দুর্গে বেড়াতে গিয়েছিলেন তিনি। প্রাথমিক ভাবে পুলিশ একে দুর্ঘটনাজনিত মৃত্যু বলেই মনে করেছিল। কিন্তু পরে খুনের ঘটনা প্রকাশ্যে আসে। জানা যায়, সিয়া তাঁর প্রেমিক চেতন চৌধরীর সঙ্গে মিলে কেতনকে খুন করেছেন। তাঁদের দু’জনকেই গ্রেফতার করা হয়েছে। পুলিশি জেরায় একে অপরকে দোষারোপ করছেন সিয়া-চেতন।
বুধবারের জোড়া ভূমিকম্পে লাতিন আমেরিকার দেশ ভেনেজ়ুয়েলায় অন্তত ১৬৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহতের সংখ্যা ৯৭১। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন সে দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ়। ধ্বংসস্তূপের তলায় এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা। সে ক্ষেত্রে মৃতের তালিকা দীর্ঘতর হতে পারে। ভেনেজ়ুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো মানুষকে বাইরে থাকার পরামর্শ দিয়েছেন। কারণ আফটার শকের ফলে বড় ভবনগুলির আরও ক্ষতি হতে পারে বলে আশঙ্কা রয়েছে।
আগামী কয়েক দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণের বেশ কয়েকটি জেলায়। মাঝে দু’-এক দিন রেহাই মিললেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে সপ্তাহান্ত পর্যন্ত। তবে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েক দিন ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলায়।
ফুটবল বিশ্বকাপে আজ রাত ও কাল ভোর মিলিয়ে আরও তিনটি গ্রুপের শেষ ম্যাচ। তার মধ্যে সকলের আগে রয়েছে ‘আই’ গ্রুপের ম্যাচ। ফ্রান্সের মুখোমুখি নরওয়ে। এই গ্রুপের অন্য ম্যাচে লড়াই সেনেগাল এবং ইরাকের মধ্যে। ফ্রান্স এবং নরওয়ে আগেই নক-আউটে চলে গিয়েছে। দু’টি খেলাই আজ রাত ১২:৩০ থেকে। কাল রয়েছে ‘এইচ’ গ্রুপের শেষ দু’টি ম্যাচ। স্পেন খেলবে উরুগুয়ের সঙ্গে। কাবো ভার্দে মুখোমুখি সৌদি আরবের। এই গ্রুপে কোনও দলই এখনও পরের রাউন্ডে যায়নি, কোনও দলই ছিটকেও যায়নি। এই দু’টি ম্যাচ কাল ভোর ৫:৩০ থেকে। কাল সকাল ৮:৩০ থেকে রয়েছে ‘জি’ গ্রুপের মিশর-ইরান এবং নিউ জিল্যান্ড-বেলজিয়াম ম্যাচ। সব খেলা দেখা যাবে ইউনাইট৮ স্পোর্টস চ্যানেল ও জি৫ অ্যাপে। আজ বিশ্বকাপ ফুটবলের খেলা শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেটে তৈরি হতে পারে ইতিহাস। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আজ প্রথম ম্যাচ ভারতের। জাতীয় দলের হয়ে যদি বৈভব সূর্যবংশীর অভিষেক হয়, তা হলে সবচেয়ে কম বয়সে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার যে রেকর্ড সচিন তেন্ডুলকরের রয়েছে, তা ভেঙে যাবে। বৈভব কি খেলবে? খেলা শুরু সন্ধ্যা ৬টায়। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।