ইটালিতে গুরুদ্বার থেকে বেরোনোর সময় দুই ভারতীয়কে গুলি করে হত্যা করল এক আততায়ী। ইটালির বারগামো প্রদেশের কোভো এলাকার এই ঘটনায় তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। কেন ওই দুই ভারতীয়কে হত্যা করা হল, তা এখনও স্পষ্ট নয়।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শিখ ধর্মাবলম্বীদের বৈশাখী উৎসব উপলক্ষে স্থানীয় একটি গুরুদ্বারে গিয়েছিলেন দুই ভারতীয় রাগিন্দর সিংহ (৪৮) এবং গুরমিত সিংহ (৪৮)। একটি সূত্রের দাবি, আততায়ী গুলি চালিয়েই গাড়িতে চেপে এলাকা ছাড়েন।
প্রথমে মনে করা হয়েছিল কথা কাটাকাটির জেরে এই খুনের ঘটনা ঘটে। কিন্তু ইটালির সংবাদপত্র ‘লা সিসিলিয়া’-র প্রতিবেদনে এমন সম্ভাবনার কথা কার্যত উড়িয়ে দেওয়া হয়েছে। প্রতিবেদনে ইঙ্গিত যে, পরিকল্পনামাফিক খুন করা হয়েছে ওই দুই ভারতীয়কে। ঘটনাস্থল থেকে গুলির ১০টি খোল উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মধ্যে এক জনের দাবি, আততায়ী নিজেও এক জন ভারতীয়। প্রায়ই তাঁকে ওই গুরুদ্বারে দেখা যায় বলেও দাবি করা হয়েছে। ওই প্রত্যক্ষদর্শী এ-ও দাবি করেছেন যে, অভিযুক্তের ছোড়া গুলিতে আরও এক জন আহত হয়েছেন।