E-Paper

সেন্ট পিটার্সবার্গে হামলা চালাল ইউক্রেন, আগুন রুশ ঘাঁটিতে

দীর্ঘদিন ধরেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর প্রচেষ্টা চলছে। সমঝোতার কথা উঠলেও দু’পক্ষ কেউ কারও শর্তে রাজি নয়।

শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ০৯:১৬
(বাঁ দিকে) ভ্লাদিমির পুতিন, ভলোদিমির জ়েলেনস্কি (ডান দিকে)।

(বাঁ দিকে) ভ্লাদিমির পুতিন, ভলোদিমির জ়েলেনস্কি (ডান দিকে)। ফাইল চিত্র।

বার্ষিক অর্থনৈতিক সমাবেশ চলছিল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। তার মধ্যেই গত বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিজের শহর, তাঁর জন্মস্থানে একটি তেলের ডিপোয় লং রেঞ্জ ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় জ্বালানি-ক্ষেত্রটিতে। সমাবেশের শেষ দিনে আজ ফের এই শহরে হামলা চালাল ইউক্রেন। সেন্ট পিটার্সবার্গের কাছে একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে তারা। তাদের ‘স্পর্ধা’ দেখে বিস্মিত রুশ কর্তৃপক্ষ জানিয়েছেন ইউক্রেনের এই হামলা ‘নজিরবিহীন’। রুশ গভর্নর আলেকসান্দর ড্রোজ়ডেঙ্কো জানিয়েছেন, লেনিনগ্রাদ অঞ্চল ও তার আশপাশের এলাকায় ১৪০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন গুলি করে নামিয়েছে রুশ সেনা। স্থানীয়দের বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। হামলার কথা স্বীকার করে নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি জানিয়েছেন, ক্রেমলিনের অস্ত্রভান্ডার ও নৌসেনা ঘাঁটিতে আক্রমণ করা হয়েছে। তাঁর দাবি, এটা রুশ হামলার ‘জবাব’।

দীর্ঘদিন ধরেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর প্রচেষ্টা চলছে। সমঝোতার কথা উঠলেও দু’পক্ষ কেউ কারও শর্তে রাজি নয়। রাশিয়ার দাবি, তারা ইউক্রেনের দখল করা জমি ফেরত দেবে না, যা এক বাক্যে ‘মেনে নেওয়া যায় না’ বলে খারিজ করে দিয়েছে ইউক্রেন। এক দিন আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, জ়েলেনস্কির সঙ্গে বৈঠক করার কোনও অর্থ হয় না। এর পরেই ইউক্রেনের সেন্ট পিটার্সবার্গ-হামলা।

জ়েলেনস্কি সোশাল মিডিয়াতেও ‘বোমা ফেলেছেন’। লিখেছেন, ‘‘যুদ্ধ শেষ করার সময় হয়ে গিয়েছে।’’ তিনি এ-ও দাবি করেছেন, রুশ প্রেসিডেন্টই এই লড়াই চালিয়ে যেতে চাইছেন।

রাশিয়ার অন্যতম শক্তিশালী নৌসেনা বহর ‘বাল্টিক ফ্লিট’। জ়েলেনস্কি জানিয়েছেন, তাঁদের ড্রোন ১০০০ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে সেন্ট পিটার্সবার্গ অঞ্চলে গিয়ে আছড়ে পড়েছে। লক্ষ্যই ছিল শত্রু-নৌ বাহিনীর অস্ত্রভান্ডার ও ক্রনস্টাদের সামরিক ঘাঁটি। ৫০০ কিলোমিটার দূরে দক্ষিণ ক্রাসনোদার অঞ্চলে একটি তেলের ডিপোতেও হামলা চালানো হয়েছে।

রুশ গভর্নর আলেকসান্দর ড্রোজ়ডেঙ্কো জানিয়েছেন, ইউক্রেনের হামলায় একটি সামরিক পরিকাঠামোয় আগুন লেগে যায়। সেখানে উপস্থিত লোকজনকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। এর বেশি খোলসা করেনি রুশ প্রশাসন।

সংবাদ সংস্থা

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

St. Petersburg Ukraine Russia

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy