ছেলে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি দলে নাম লিখিয়েছে। তাই প্রথম থেকেই বিপদের আশঙ্কাটা করেছিলেন মা। বিপথগামী ছেলেকে তাই সমাজের মূলস্রোতে ফেরানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। ছেলের কাছে বারবার মাথাও কুটেছিলেন মধ্য চল্লিশের লেনা আল কাসেম। ছেলে আলি সাকর আল কাসেমকে তাই ধর্মত্যাগ করার কথাও বলেন তিনি। রাজি হয়নি ছেলে। উল্টে দলে জানিয়েছিল মায়ের ‘স্পর্ধা’-র কথা। দলের তরফে নির্দেশ দেওয়া হয়, এমন মাকে আটক করা হোক। দলের নির্দেশমতো মাকে আটকও করে ছেলে। বুধবার লেনার কর্মক্ষেত্র ডাকঘরের সামনে জড়ো হয় আইএস জঙ্গিরা। নিজের মাকে সেখানে গুলি করে হত্যা করেছে ছেলে। কী ঘটছে, তা দেখতে জমে গিয়েছিল শতাধিক মানুষ।