ঘরে-বাইরে সমান দক্ষ নয়া যন্ত্রমানব
সংবাদ সংস্থা • টোকিও
মানুষ নয়, কিন্তু মানবিক অনুভূতি আছে। ৩ ফুট ৯ ইঞ্চির একটি যন্ত্রমানব বানিয়ে এমনটাই দাবি এক জাপানি সংস্থার। নতুন এই যন্ত্রমানবের নাম ‘পেপার’। দাম দু’হাজার ডলার। অর্থাৎ প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকা। পেপারের যে শুধু মানবিক অনুভূতি আছে তাই নয়, সে ঘরকন্যার কাজ সামলাতেও সমান ভাবে পারদর্শী। এ কথা জানালেন ওই জাপানি সংস্থার কর্ণধার মাসায়ুসি সন। তিনি আরও জানান, আগামী কাল, শুক্রবার থেকে টোকিওতে তাঁর সংস্থার দোকানগুলিতে খদ্দেরদের সাহায্য করার জন্য রাখা হবে পেপারকে। এ ছাড়া, কিছু দিনের মধ্যেই শহরের বিভিন্ন মোবাইলের দোকানেও দেখা মিলবে রোবট দুনিয়ার এই নতুন অতিথির। জাপান বরাবরই নিত্যনতুন যন্ত্রমানব বানিয়ে তামাম দুনিয়াকে তাক লাগিয়েছে। যেমন, ধরা যেতে পারে যন্ত্রমানব কিরোবোর কথা। উচ্চতায় ৩৪ সেন্টিমিটার। ওজন মেরেকেটে এক কেজি। গত বছর অগস্ট মাসে দেশ, দুনিয়ার সীমা পেরিয়ে কিবোরো একাই রওনা দিয়েছিল আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের (আইএসএস) দিকে। তবে পেপার কিন্তু কিবোরোর থেকে অনেকটাই আলাদা। মানুষের মতোই ঘর এবং বাইরে সমান ভাবে তাল রেখে চলতে পারে সে। মাসায়ুসি বললেন, “ধরুন, আপনার শিশুটিকে দেখাশোনার করার জন্য বাড়িতে কেউ নেই। তখন পেপারই হয়ে উঠতে পারে আপনার খুদের মনেরমতো সঙ্গী। এ ছাড়া, বাড়ির নানা কাজে যথেষ্ট দক্ষ এই যন্ত্রমানব। এ ভাবেই ধীরে ধীরে পেপার হয়ে উঠবে আপনার পরিবারের এক জন সদস্য।”
ক্ষমতায় ফের আসাদ
সংবাদ সংস্থা • দামাস্কাস
বিপুল ভোটে জিতে সিরিয়ার প্রেসিডেন্ট পদে বহাল রইলেন বাশার-আল-আসাদ। তিন বছর ধরে গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়া। এ হেন পরিস্থিতির মধ্যেই সিরিয়ার সেনাবাহিনীর দখলে থাকা দেশের মধ্য এবং পশ্চিম অংশে নির্বাচনের আয়োজন করা হয়েছিল। মোট ভোটের ৮৮ শতাংশেরও বেশি পেয়েছেন আসাদ, জানান স্পিকার। শুরু হয়ে যায় আসাদপন্থীদের বিজয়োল্লাস। তাঁদের ছোড়া গুলির আঘাতে অন্তত ৩ জনের মৃত্যু হয়।
রাষ্ট্রপুঞ্জে বাঙালি
সংবাদ সংস্থা • রাষ্ট্রপুঞ্জ
রাষ্ট্রপুঞ্জের একটি পাঁচ সদস্যের কমিটির অন্যতম সদস্য হিসেবে নিযুক্ত হলেন ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অভিজিৎ গুহ। নয়া প্রযুক্তিকে বিশ্বে শান্তিরক্ষার কাজে কী ভাবে ব্যবহার করা যায়, তা নিয়ে পরামর্শ দেওয়াই এই কমিটির কাজ।
আবার হামলা
সংবাদ সংস্থা • আবুজা
নাইজেরিয়ার উত্তর-পূর্বের চারটি গ্রামে মঙ্গলবার হামলা চালাল বোকো হারাম জঙ্গিরা। বুধবারও তারা হামলা চালিয়েছিল বলে খবর। সরকারের আশঙ্কা, মৃতের সংখ্যা শতাধিক।