বিশ্বের পয়লা নম্বর ধনকুবের ইলন মাস্কের মুকুটে নতুন পালক! দুনিয়ার প্রথম লক্ষ কোটি (পড়ুন ট্রিলিয়নিয়ার) ডলারের মালিক হতে চলেছেন তিনি। অচিরেই মার্কিন শেয়ারবাজারে মেগা এন্ট্রি নেবে তাঁর ইন্টারনেট ও মহাকাশভিত্তিক সংস্থা ‘স্পেসএক্স’। সেই লক্ষ্যে ‘ইনিশিয়াল পাবলিক অফারিং’ বা আইপিও আনছে তারা, ওয়াল স্ট্রিটের ইতিহাসে যার আকার হবে সবচেয়ে বড়। এই আইপিওর উপর ভর করেই পৃথিবীর প্রথম লক্ষ কোটির সম্পত্তির মালিক হয়ে উঠবেন মাস্ক, বলছে ওয়াকিবহাল মহল।
ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নিজেদের শেয়ার-মূল্য ১.২৫ লক্ষ কোটি ডলার নির্ধারণ করেছে ‘স্পেসএক্স’। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১২১ লক্ষ কোটি টাকা। মাস্কের হাতে আছে ইন্টারনেট ও মহাকাশভিত্তিক সংস্থাটির সর্বাধিক স্টক। আইপিও এলে তার বাজারদর বেড়ে পৌঁছোবে ৬০,০০০ কোটি ডলার। বর্তমান সম্পত্তির সঙ্গে সেটা যুক্ত হলে লক্ষ কোটি ডলারের মালিক হবেন ইলন। অর্থাৎ, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হয়ে উঠবেন তিনি।
গত দু’বছর ধরে বিশ্বের ধনকুবেরদের তালিকায় প্রথম স্থান দখল করে আছেন মাস্ক। দুনিয়ার প্রথম শিল্পপতি হিসাবে ৫০,০০০ কোটি ডলার মূল্যের সম্পত্তির মালিক হয়েছেন তিনি। তাঁর হাতে আছে সাধারণ এবং বর্ধিত ভোটাধিকার সম্পন্ন ক্লাস বি মিলিয়ে ‘স্পেসএক্স’-এর মোট ৮৫.১ শতাংশ স্টক। বর্তমানে মহাকাশভিত্তিক সংস্থাটির চেয়ারম্যানের দায়িত্বভার সামলাচ্ছেন মাস্ক।
আরও পড়ুন:
মাস্কের ‘স্পেসএক্স’ কোনও গবেষণা ও উন্নয়ন বা আরএনডি (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) সংস্থা নয়। ২০২৩ সালে এর বাজারমূল্য ছিল ২৩ হাজার কোটি ডলার। পরবর্তী দু’বছরে সেই অঙ্ক বেড়ে ৩৫ হাজার কোটি ডলারে পৌঁছোয়। বিশেষজ্ঞদের দাবি, ‘স্পেসএক্স’-এর এ-হেন লক্ষ্মীলাভের নেপথ্যে রয়েছে সরাসরি উপগ্রহভিত্তিক ব্রডব্যান্ড শাখা ‘স্টারলিঙ্ক’-এর হাতযশ। এর জন্য পৃথিবীর নিম্নকক্ষে বিশ্বের বৃহত্তম কৃত্রিম উপগ্রহের পুঞ্জকে পরিচালনা করতে হয় তাদের।