Advertisement
E-Paper

বসে গেল ‘ফ্রিডম ২৫১’-এর সাইট

বিপুল উৎসাহ তৈরি হয়েছিল বিজ্ঞাপন ঘিরে। আড়াইশো টাকায় স্মার্ট ফোন কিনতে প্রতি সেকেন্ডে ছ’লক্ষ মানুষ ঢোকার চেষ্টার করেছেন সাইটে। আর বৃহস্পতিবার বুকিং শুরুর পরে এই হুড়োহুড়ির জেরেই বসে গেল ‘ফ্রিডম ২৫১’-এর ওয়েবসাইট।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৪৪

বিপুল উৎসাহ তৈরি হয়েছিল বিজ্ঞাপন ঘিরে। আড়াইশো টাকায় স্মার্ট ফোন কিনতে প্রতি সেকেন্ডে ছ’লক্ষ মানুষ ঢোকার চেষ্টার করেছেন সাইটে। আর বৃহস্পতিবার বুকিং শুরুর পরে এই হুড়োহুড়ির জেরেই বসে গেল ‘ফ্রিডম ২৫১’-এর ওয়েবসাইট।

ফোনটি যারা তৈরি করেছে, সেই রিংগিং বেলসের দাবি, এত বেশি সাড়া মেলাতেই ব্যাহত হয়েছে অনলাইন পরিষেবা। সাইটে ফের কাজ শুরু হতে ২৪ ঘণ্টা লাগবে। তবে উৎসাহ ঢেকে দিতে পারছে না সারা দিন ধরে ঘুরপাক খাওয়া একটি প্রশ্ন— এত কম দামে ওই ফোন বাজারে আসছে কী করে?

বুধবারই বিপুল আগ্রহের মধ্যে দেশের বাজারে ‘ফ্রিডম ২৫১’ স্মার্ট ফোনটি এনেছে নয়ডার সংস্থা রিংগিং বেলস। জানিয়েছে, ৪ ইঞ্চির কোয়ালকম ১.৩ গিগাহার্ৎজের চারটি প্রসেসর-যুক্ত এই ফোনে রয়েছে ১ জিবি র‌্যাম। চলবে অ্যান্ড্রয়েড ললিপপ সফটওয়্যারে। ব্যবহার করা যাবে থ্রিজি প্রযুক্তি। সামনে ও পিছনে থাকবে দু’টি ক্যামেরা। ভরা যাবে ২টি সিম কার্ডও। অথচ এত কিছু সত্ত্বেও ফোনটির দাম ২৫১।

Advertisement

বিষয়টি নিয়ে সন্দিহান শিল্পমহল, প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। সকলেরই দাবি, ফোনটিতে যে-সব বৈশিষ্ট্য থাকার কথা, এত কম দামে তা কিছুতেই দেওয়া সম্ভব নয়। উত্তর খুঁজতে ব্যস্ত থেকেছে সোশ্যাল মিডিয়ার দেওয়ালও। ফোন বুক করে কবে তা আদৌ হাতে আসবে, তার নিশ্চয়তা নিয়েও সংশয়ে নেটিজেনদের একাংশ। এমনকী ‘ফ্রিডম ২৫১’ ফোনটি সম্পূর্ণ ভাবে ‘অ্যাডকম আইকন৪’-এর মতো দেখতে বলেও দাবি বিশেষজ্ঞদের একাংশের। বাজারে তার দাম প্রায় ৪,০০০ টাকা।

বিষয়টি ঘিরে তৈরি হওয়া বিতর্ক এমন জায়গায় পৌঁছেছে যে, সরকার এবং রাজনৈতিক দলের নেতাদেরও ফোনটি উদ্বোধনের অনুষ্ঠান থেকে দূরে থাকা উচিত ছিল বলে মত প্রকাশ করেছে শিল্পমহল। উল্লেখ্য এটি উদ্বোধন করেন বিজেপি নেতা মুরলী মনোহর জোশী। আসার কথা ছিল প্রতিরক্ষামন্ত্রীরও। মন্ত্রিসভার বৈঠক থাকায় তিনি আসতে পারেননি।

টেলিকমমন্ত্রী রবি শঙ্কর প্রসাদকে পাঠানো এক চিঠিতে দামের বিষয়টি খতিয়ে দেখতে আর্জি জানিয়েছে ইন্ডিয়ান সেলুলার অ্যাসোসিয়েশন (আইসিএ)। সংগঠনের প্রেসিডেন্ট পঙ্কজ মহীন্দ্রুর দাবি, যে-প্রযুক্তি এবং বৈশিষ্ট্য ফোনটিতে রয়েছে, তার খরচই দাঁড়ায় প্রায় ২,৭০০ টাকা। কর, বিপণন খরচ ইত্যাদি যোগ করে সেটি ক্রেতার হাতে পৌঁছে দিতে দাম দাঁড়াবে প্রায় ৪,১০০ টাকা। এমনকী ই-কমার্স সাইটে বিক্রি করতে গেলেও, ছাড় দেওয়ার পরে ফোনটির দাম কিছুতেই ৩,৫০০ থেকে ৩,৮০০ টাকার কম হতে পারে না। ফলে পুরো বিষয়টিতে স্বচ্ছতা কতটা, তা দেখার জন্য কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রককে দিয়ে তদন্তের দাবিও তুলেছে আইসিএ। তাতে সংগঠন সাহায্য করবে বলে জানিয়েছেন মহীন্দ্রু। এমনকী ফোনটির উৎপাদন খরচ ২,৫০০ টাকা বলে মন্তব্য করেন রিংগিং বেলসেরই প্রেসিডেন্ট অশোক চাড্ডা। যা শিল্পমহলের বক্তব্য জোরালো করছে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy