বাণিজ্য চুক্তির লক্ষ্যে কানাডা এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলাপ-আলোচনা চলছে ভারতের। আর সেই প্রক্রিয়ায় সব থেকে গুরুত্ব পাচ্ছে মূলত দু’টি বিষয়। বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের দাবি—
ভারত-কানাডা সিদ্ধান্ত নিয়েছে তারা এ যাবৎ একমত হওয়া জায়গাগুলি নিয়েই চূড়ান্ত চুক্তির পথে এগোবে। সন্তর্পণে এড়িয়ে যাবে কৃষিজাত এবং দুধজাত পণ্যের জন্য ভারতের বাজার খুলে দেওয়ার মতো বিতর্কিত এবং স্পর্শকাতর বিষয়ে ছাড় পাওয়ার আর্জিকে।
অন্য দিকে, ভারত এবং দক্ষিণ কোরিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির সার্বিক কাঠামোর আওতায় একেবারে গোড়াতেই আগের বাণিজ্য চুক্তির ত্রুটিগুলি সংশোধন করে দু’দেশের মধ্যে চওড়া হতে থাকা বাণিজ্য ঘাটতি কমানোয় মন দিতে রাজি হয়েছে।
বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে সম্প্রতি তিন দিনের কানাডা সফরে গিয়েছিলেন গয়াল। তিনিই জানান, দু’দেশের মধ্যে আর্থিক সহযোগিতা সংক্রান্ত চুক্তি সিইপিএ (কম্প্রিহেনসিভ ইকনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট) নিয়ে কথা চলছে। ওটায়া-তে হয়েছে তৃতীয় দফার আলোচনা। দু’দেশই বছর শেষের মধ্যে আলোচনা সম্পূর্ণ করা যাবে বলে আশা করছে। দ্বিপাক্ষিক বাণিজ্য বর্তমানের ১৭০০ কোটি ডলার থেকে বাড়িয়ে ২০৩০-এর মধ্যে ৫০০০ কোটিতে নিয়ে যাওয়ার লক্ষ্যও স্থির করেছে তারা।
অন্য দিকে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি সম্পাদনের জন্য বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে একাধিক ছোট গোষ্ঠী (সাব গ্রুপ) তৈরি করা হয়েছে। গয়াল জানিয়েছেন, ডিজিটাল বাণিজ্য, সরবরাহ শৃঙ্খল এবং কৌশলগত শিল্প সহযোগিতায় জোর দেওয়া হবে সিইপিএ উন্নত করার লক্ষ্যে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)