Advertisement
E-Paper

স্টেট ব্যাঙ্কের শেয়ারে আঙুল ফুলে কলাগাছ! স্টকপ্রতি কত টাকা লভ্যাংশ ঘোষণা করল এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক?

শুক্রবার, ৮ মে গত আর্থিক বছরের (২০২৫-’২৬) চতুর্থ ত্রৈমাসিকের ফলাফলের পাশাপাশি লভ্যাংশ ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক। শেয়ারপ্রতি কত টাকা করে পাবেন লগ্নিকারীরা? খোঁজ দিল আনন্দবাজার ডট কম।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ১৭:১৬
Representative Picture

—প্রতীকী চিত্র।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) শেয়ারে লগ্নিকারীদের লক্ষ্মীলাভ! স্টকপিছু ১৭.৩৫ টাকা করে লভ্যাংশ পাবেন তাঁরা। শুক্রবার, ৮ মে সপ্তাহের শেষ লেনদেনের দিনে সে কথা ঘোষণা করল দেশের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান। পাশাপাশি, এ দিন গত অর্থবর্ষের (পড়ুন ২০২৫-’২৬) চতুর্থ ত্রৈমাসিক, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চের ফলাফলও প্রকাশ করেছে এসবিআই।

স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, আগামী ১৬ মে গ্রাহকদের মধ্যে বণ্টন করা হবে লভ্যাংশ। তবে টাকা হাতে পেতে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে তাঁদের। চলতি বছরের ৪ জুন লভ্যাংশের অর্থ বিলির দিন ধার্য করেছে এসবিআই, এ দিন এক্সচেঞ্জ ফাইলিংয়ে যা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে দেশের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান।

ব্রোকারেজ ফার্মগুলির দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমান বাজারদরে স্টেট ব্যাঙ্কের লভ্যাংশের আয়ের হার (ডিভিডেন্ট ইল্ড) দাঁড়িয়েছে ১.৪৭ শতাংশ। শুক্রবার, ৮ মে বাজার বন্ধ হলে দেখা যায় ১০১৮.৪০ টাকায় দৌড় থামিয়েছে এসবিআইয়ের শেয়ার। এ দিন প্রায় ৭৪ টাকা পড়েছে সংশ্লিষ্ট স্টকের দর। অর্থাৎ, সূচক নিম্নমুখী হয়েছে ৬.৭৪ শতাংশ।

গত বছরের (পড়ুন ২০২৫ সাল) মে মাসে শেষ বার লভ্যাংশ ঘোষণা করে স্টেট ব্যাঙ্ক। সেই সময় শেয়ারপ্রতি ১৫.৯০ টাকা করে দিয়েছিল এসবিআই। ২০০১ সালে লগ্নিকারীদের মুনাফার অঙ্ক ছিল আরও বেশি। কারণ, ওই বছর মোট ২৪ বার লভ্যাংশ ঘোষণা করে এই রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান।

অন্য দিকে, ২০২৪-’২৫ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের নিরিখে এ বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে এসবিআইয়ের নিট মুনাফার পরিমাণ বেড়েছে ৫.৬ শতাংশ। অর্থাৎ, ১৯,৬৮৩.৭৫ কোটি টাকা বেশি লাভ করেছে তারা। এ ছাড়া মূল ঋণ থেকে আয়ের অঙ্ক ৪.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৪,৩৮০ কোটি টাকায় পৌঁছেছে।

এ ছাড়া সম্পূর্ণ অর্থবর্ষের নিরিখে সর্বকালের সর্বোচ্চ ৮০,০৩২ কোটি টাকা নিট মুনাফা করেছে স্টেট ব্যাঙ্ক। ২০২৪-’২৫র তুলনায় যেটা ১২.৮৮ শতাংশ বেশি। পাশাপাশি, পুরো বছরের পরিচালন মুনাফার পরিমাণ বেড়েছে ১১.২৫ শতাংশ। টাকার অঙ্কে যেটা ১,২৩,০১৫ কোটি বলে জানা গিয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির মূল ঋণ থেকে আয় বেড়েছে ৪.০৮ শতাংশ।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকিসাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

State Bank of India SBI Stock Price Stock Market Sensex Nifty
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy