E-Paper

কী হারে বেড়েছে চিকিৎসার খরচ ও স্বাস্থ্য বিমার প্রিমিয়াম? তৃণমূলের প্রশ্নে সংসদে জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

বিমা সংস্থাগুলি দাবি করে, প্রতি বছর দেশে চিকিৎসার খরচ ১২-১৩ শতাংশ করে বাড়ছে। সাধারণ মূল্যবৃদ্ধির তুলনায় তা দু-তিন গুণ বেশি। ফলে পাঁচ-ছয় বছর অন্তর চিকিৎসার খরচ দ্বিগুণ মাথা তোলে। আর এই যুক্তি তুলে ধরে প্রতি বছর স্বাস্থ্য বিমার প্রিমিয়াম বাড়ায় সংস্থাগুলি।

প্রেমাংশু চৌধুরী

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ০৭:১৯

—প্রতীকী চিত্র।

বিমা সংস্থাগুলি দাবি করে, চিকিৎসার খরচ বেড়েছে। তাই বাড়ছে স্বাস্থ্য বিমার প্রিমিয়ামও। এই যুক্তিতেই তারা বছর-বছরওই খাতে টাকার অঙ্ক বাড়াচ্ছে। বিশেষত কোভিডের পরে, তা বেড়েছে লাগামছাড়া হারে।

এই পরিস্থিতিতে আজ কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সংসদে জানাল, চিকিৎসার খরচের সঙ্গে স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের সম্পর্ক নিয়ে কোনও তথ্য নেই। বিমা নিয়ন্ত্রক আইআরডিএ বিষয়টি দেখাশোনা করে। অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধরি বলেন, ‘‘মেডিক্যাল ইনফ্লেশন বা চিকিৎসার খরচ বৃদ্ধির সঙ্গে স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের সম্পর্ক নিয়ে আইআরডিএ কোনও গবেষণা করেনি বলে জানিয়েছে।’’

বিমা সংস্থাগুলি দাবি করে, প্রতি বছর দেশে চিকিৎসার খরচ ১২-১৩ শতাংশ করে বাড়ছে। সাধারণ মূল্যবৃদ্ধির তুলনায় তা দু-তিন গুণ বেশি। ফলে পাঁচ-ছয় বছর অন্তর চিকিৎসার খরচ দ্বিগুণ মাথা তোলে। আর এই যুক্তি তুলে ধরে প্রতি বছর স্বাস্থ্য বিমার প্রিমিয়াম বাড়ায় সংস্থাগুলি। সরকারি হিসেবেই প্রকাশ, ২০২২-২৩ থেকে ২০২৪-২৫, দু’টি অর্থবর্ষে প্রিমিয়াম ২৩% হারে বেড়েছে। ভারী হয়েছে সাধারণ মানুষের বোঝা। সংশ্লিষ্ট মহলের মতে, বহু দিন ধরে এ নিয়ে অভিযোগ উঠছে। বহু মানুষ প্রিমিয়াম গুনতে না পেরে স্বাস্থ্য বিমা বন্ধ করছেন।

তৃণমূল সাংসদ মালা রায় লোকসভায় প্রশ্ন তুলেছিলেন, গত চার বছরে দেশে চিকিৎসার খরচ কী হারে বেড়েছে? একই সময়কালে কী হারে বেড়েছে স্বাস্থ্য বিমার প্রিমিয়াম? অর্থ মন্ত্রক এই প্রশ্নের উত্তরে কোনও তথ্য দেয়নি। মন্ত্রক লিখিত উত্তরে জানিয়েছে, চিকিৎসার খরচ বৃদ্ধি ছাড়াও স্বাস্থ্য বিমার প্রিমিয়াম বৃদ্ধির আরও কারণ থাকতে পারে। যেমন, বিমার গ্রাহকের বয়স বৃদ্ধি, বিমার ‘কভারেজ’ বৃদ্ধি বা তার চরিত্র বদল। তাই চিকিৎসার খরচ বৃদ্ধির ফলে প্রিমিয়াম কত বাড়ছে, তা বোঝা কঠিন।

মালার প্রশ্ন ছিল, প্রিমিয়াম ঠিক করার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে নিয়ন্ত্রক কী করছে? অর্থ মন্ত্রকের উত্তর, ঝুঁকির বিশ্বাসযোগ্য মাপকাঠির ভিত্তিতে যাতে প্রিমিয়াম বাড়ানো হয়, সে বিষয়ে আইআরডিএ নির্দেশিকা জারি করেছে। প্রবীণদের তা ১০ শতাংশের বেশি বাড়ালে বা কোনও বিমা প্রকল্প তুলে নিলে আগে আইআরডিএ-র সঙ্গে আলোচনা করতে হবে।

বিমা সংস্থা বলে

চিকিৎসার খরচ প্রতি বছর ১২-১৩ শতাংশ করে বাড়ছে।

তাই স্বাস্থ্য বিমার প্রিমিয়ামও বাড়াতে হয় বছর বছর।

বার্তা মন্ত্রকের

চিকিৎসার খরচের সঙ্গে স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের সম্পর্ক নিয়ে কোনও তথ্য নেই।

নিয়ন্ত্রক আইআরডিএ চিকিৎসার খরচ বৃদ্ধির সঙ্গে স্বাস্থ্য বিমার প্রিমিয়াম বৃদ্ধির সম্পর্ক নিয়ে কোনও গবেষণা করেনি বলে জানিয়েছে।

চিকিৎসার খরচ ছাড়াও প্রিমিয়াম বৃদ্ধির আরও কারণ থাকতে পারে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Health Insurance Health Insurance Premium

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy