অনিশ্চয়তা পুরোদমে বহাল। তবে তারই মধ্যে টানা পতনে ক্লান্ত বাজার সোমবার কিছুটা বাড়ল। ১০৫.৯২ পয়েন্ট উঠে সেনসেক্স দাঁড়াল ২৫,১৫০.৩৫ অঙ্কে। তবে ডলারের সাপেক্ষে টাকার দাম এক ধাক্কায় পড়ে গিয়েছে আরও ২১ পয়সা। ফলে এক ডলার হয়েছে ৬৭.০৯ টাকা। গত ২৭ মাসে টাকা এত নীচে নামেনি।
মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেড রিজার্ভের সুদ বাড়ানোর সম্ভাবনা এ সপ্তাহেই। জিএসটি বিল পাশ নিয়েও বেড়েছে অনিশ্চয়তা। তা সত্ত্বেও বাজার এ দিন ওঠে মূলত চারটি কারণে: অক্টোবরে প্রত্যাশা ছাপানো শিল্প বৃদ্ধির হার, নভেম্বরে পাইকারি বাজারের মূল্যবৃদ্ধি শূন্যের নীচেই থাকা, দেশীয় শিল্পকে বাঁচাতে চিন-সহ বেশ কিছু দেশ থেকে আমদানি করা কিছু স্টেইনলেস স্টিল পণ্যে শাস্তিমূলক শুল্ক বসা এবং বহু ভাল শেয়ারের দাম নামায় সেগুলি কেনার তাগিদ।
মার্কিন শীর্ষ ব্যাঙ্কের সুদ বাড়ানো নিয়ে আশঙ্কাই এ দিন টেনে নামিয়েছে টাকাকে। বস্তুত বিশ্ব জুড়েই বাড়ছে ডলারের দাম। ভারতেও বিদেশি লগ্নিকারীদের শেয়ার বিক্রির জেরে বেড়ে যায় ডলারের চাহিদা।