‘কল-ড্রপ’ সমস্যা নিয়ে আজ, বৃহস্পতিবার টেলিকম সংস্থাগুলির সিইও-দের সঙ্গে বৈঠকে বসছেন টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)-র চেয়ারম্যান আর এস শর্মা-সহ অন্য পদস্থ কর্তারা। মাঝপথে কল কাটলে গ্রাহকদের ক্ষতিপূরণ দেওয়ার যে-নির্দেশ সম্প্রতি ট্রাই দিয়েছে, তা নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা। তবে ইতিমধ্যেই ওই নির্দেশ তোলার দাবি জানিয়ে ট্রাই কর্তাকে চিঠি দিয়েছে টেলিকম শিল্পের দুই সংগঠন সিওএআই এবং এইউএসপিআই।
সম্প্রতি আইন সংশোধন করে ট্রাই জানায়, প্রতিটি কল-ড্রপের জন্য গ্রাহককে এক টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে সংশ্লিষ্ট সংস্থাকে। তবে এক জন গ্রাহক দিনে তিন বারের বেশি তা পাবেন না। ট্রাই-এর যুক্তি ছিল, এতে গ্রাহকদের ক্ষতি যেমন কিছুটা কমানো যাবে, তেমনই পরিষেবাও উন্নত হবে।
এতেই আপত্তি তুলেছে টেলিকম শিল্প। চিঠিতে দুই সংগঠন দাবি করেছে, এতে সমস্যা বাড়বে বই কমবে না। কারণ বিপুল আর্থিক বোঝা চাপবে সংস্থাগুলির উপর। বাড়তে পারে মাসুল। তাদের যুক্তি, ট্রাই-এর নির্দেশেই বলা হয়েছে, ২% কল-ড্রপ বৈধ। লাইসেন্সের শর্তেও বিজ্ঞানের নিয়ম মেনেই বলা হয়েছে, কোথাওই ১০০% দক্ষ পরিষেবা দেওয়া সম্ভব নয়। সে ক্ষেত্রে ট্রাই-এর নতুন নির্দেশ পরস্পর বিরোধী। পুরনো অবস্থানে অটল থেকে টেলিকম শিল্পের দাবি, কল-ড্রপের আসল সমস্যা টাওয়ার বসানোয় বাধা। সরকারি জমিতেও টাওয়ার বসানো যাচ্ছে না। স্বাস্থ্যহানির যে-আশঙ্কার কথা তুলে আমজনতা টাওয়ার বসাতে বাধা দেন, তা অমূলক। কিন্তু এই সব সমস্যা এড়িয়ে ক্ষতিপূরণের নির্দেশ চাপিয়ে দেওয়ায় আখেরে টেলিকম শিল্প ও গ্রাহকের সমস্যা আরও বাড়বে বলেই আশঙ্কা সংশ্লিষ্ট মহলে।