গাড়ির দূষণ সংক্রান্ত মাপকাঠি নিয়ে কেন্দ্রকে সতর্ক করল সিয়াম। গাড়ি নির্মাতা সংস্থাগুলির এই সংগঠনের দাবি, ভারত স্টেজ ফাইভ-কে পাশ কাটিয়ে যদি সরাসরি ভারত স্টেজ সিক্স-এ নিয়ম বদলানো হয়, সে ক্ষেত্রে যাত্রীদের সুরক্ষা বিঘ্নিত হতে পারে। এমনকী উপযুক্ত পরিকাঠামো না-গড়লে এবং পরীক্ষা-নিরীক্ষা না-করলে প্রাণহানিও হতে পারে বলে আশঙ্কা করছে তারা।
কেন্দ্রের স্থির করা লক্ষ্য অনুসারে, ২০১৭-র মধ্যে দেশ জুড়ে ভারত স্টেজ ফোরের মাপকাঠি চালু হওয়ার কথা। বর্তমানে শুধুমাত্র ৩৩টি শহরে যা চালু রয়েছে। আর ২০২০ সালে ভারত স্টেজ ফাইভ এবং ২০২৪-এ ভারত স্টেজ সিক্স শুরু করার লক্ষ্যমাত্রাও নিয়েছে সরকার। কিন্তু সম্প্রতি শোনা গিয়েছে, ভারত স্টেজ ফাইভ-কে পাশ কাটিয়ে সরাসরি ভারত স্টেজ সিক্স-এ নিয়ম বদলানোর কথা ভাবছে কেন্দ্র। এই বিষয়েই ওই সতর্কবার্তা দিয়েছে সিয়াম।
তাদের আরও দাবি, দূষণ সংক্রান্ত মাপকাঠি বদলানোর জন্য সব দিক খতিয়ে দেখতেই অনেক সময় লেগে যায়। সে ক্ষেত্রে প্রতিটি পর্যায়ের উন্নতির জন্য কমপক্ষে চার বছর সময় লাগার কথা। সুরক্ষা ব্যবস্থায় ফাঁক থাকলে দুর্ঘটনা ঘটতে পারে। আর সে জন্য সম্পূর্ণ ভাবে দায়ী করা হবে গাড়ি সংস্থাগুলিকেই। যে কারণে আগে থেকেই সব দিক বিচার করে এগোতে চায় তারা। সিয়ামের দাবি, খুব তাড়াতাড়ি হলে ২০১৯ সালে ভারত স্টেজ ফাইভ এবং ২০২৩ সালে ভারত স্টেজ সিক্স চালু করা যেতে পারে।