Advertisement
E-Paper

বিদেশে গিয়ে ইন্টার্নশিপের সুযোগ, ভিসা সমস্যা মেটাতে বিধি বদলের ভাবনা কানাডা সরকারের

ভারতের পড়ুয়ারা যাতে পড়াশোনার পাশাপাশি, গবেষণার সুযোগও পান, তা সুনিশ্চিত করতে ভিসা সংক্রান্ত বিধি বদলের পরিকল্পনা করেছে কানাডা সরকার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৭:০৯

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

কানাডায় ভারতীয় পড়ুয়ারা ইন্টার্নশিপের সুযোগ পাবেন। ওই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে কাজ শিখতে পারবেন তাঁরা। চার দিনের ভারত সফর শেষে বিশেষ ঘোষণা করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এ দেশের সংবাদমাধ্যমকে তিনি আরও জানিয়েছেন, ভারতের সঙ্গে ৭৯ বছরের কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করতে শিক্ষা এবং কর্মসংস্থানের বিষয়টিকে গুরুত্ব দিতে ভিসা সংক্রান্ত বিধিও বদল করার পরিকল্পনা রয়েছে।

ভারতের অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই) এবং কানাডার গবেষণা সংস্থার যৌথ উদ্যোগে গ্লোবাললিঙ্ক রিসার্চ ইন্টার্নশিপে শামিল হতে পারবেন ভারতীয় পড়ুয়ারা। প্রতি বছর ওই ইন্টার্নশিপের মাধ্যমে মোট ৩০০ জন পড়ুয়া কানাডার বিশ্ববিদ্যালয়গুলিতে গিয়ে কাজ শেখার সুযোগ পাবেন। এ ছাড়াও তাঁদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণও দেবে ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি।

একই সঙ্গে এই দেশে কানাডার জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গড়ে তোলা হবে। তাতে কৃত্রিম মেধা, চিকিৎসাবিদ্যার মতো বিভিন্ন বিষয়ে ডুয়াল ডিগ্রি প্রোগ্রামে যোগদান করতে পারবেন দু’দেশেরই পড়ুয়ারা। আলাদা করে এআই সেন্টার গড়ে তোলার পরিকল্পনাও করছে কানাডা সরকার, যাতে ওই বিশেষ প্রযুক্তি নিয়ে গবেষণার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন না হয়। উল্লেখ্য চলতি শিক্ষাবর্ষে ৪ লক্ষ ভারতীয় পড়ুয়া বর্তমানে কানাডায় উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, উচ্চশিক্ষা ক্ষেত্রে কানাডা ভারতীয় পড়ুয়াদের পছন্দের তালিকায় থাকলে সে দেশে গিয়ে পড়াশোনা শুরু করতে বেগ পেতে হয়েছে। সেই সময় খলিস্তানি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের বিশিষ্ট সদস্যের হত্যাকাণ্ডের ঘটনাকে ঘিরে নয়া দিল্লি এবং ওটাওয়ার কূটনৈতিক সম্পর্কে চিড় ধরে। যার সরাসরি প্রভাব পড়ে দ্বিপাক্ষিক সম্পর্কেও। সে কারণেই লাগাতার ভিসা আবেদন বাতিল, দীর্ঘ সময়ের অপেক্ষার পর অনুমোদন পাওয়া, পোস্ট স্টাডি ওয়ার্ক রুল-এর মতো সরকারি বিধিনিষেধকেই আরোপ করা হয় ভারতীয় পড়ুয়াদের উপর। ফলে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে তাই ওই দেশে মাত্র ৩২ শতাংশ ভারতীয় পড়ুয়া উচ্চশিক্ষার সুযোগ পান।

ক্ষমতায় আসার পর মার্ক কার্নি ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে তৎপর। তাই দু’দেশের মধ্যে শিক্ষাচর্চার সুযোগ বৃদ্ধি করতে ভারতীয় পড়ুয়াদের জন্য একাধিক পরিকল্পনা করা হয়েছে। এ দেশের পড়ুয়া তো বটেই, ও দেশের পড়ুয়ারাও ভারতে এসে যাতে উচ্চশিক্ষা এবং গবেষণার সুযোগ পায়, তা নিয়েও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

Mark Carney India-Canada Relation Student Visa Rules Internship 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy