২০২৬-এর ফেব্রুয়ারির পর্বের সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট-এর (সিটেট) ফল প্রকাশিত হয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-র তরফে প্রকাশ করা হয়েছে এই ফল। পরীক্ষার্থীরা সিটেট-এর ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন ফলাফল।
সিবিএসই-র তরফে জানানো হয়েছে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কমপক্ষে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে সাধারণ বিভাগের প্রার্থীদের। অর্থাৎ, ১৫০ নম্বরের মধ্যে অন্তত ৯০ পেতে হবে প্রার্থীদের। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। অর্থাৎ, ১৫০-এর মধ্যে ৮২ নম্বর প্রয়োজন উত্তীর্ণ হওয়ার জন্য।
আরও পড়ুন:
কী ভাবে দেখবেন ফল?
প্রথমে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট-এর ctet.nic.in এই ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকেই সংশ্লিষ্ট ফলাফলের লিঙ্কটি পাওয়া যাবে। সেখানে রেজিস্ট্রেশন নম্বর-সহ প্রয়োজনীয় তথ্য পূরণ করলেই ফলাফলের পাতাটি দেখতে পেয়ে যাবেন প্রার্থীরা।
সিবিএসই-এর অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও ডিজি লকারের মাধ্যমে ফল দেখতে পারবেন। প্রার্থীরা রেজিস্ট্রার করা ফোন নম্বর এবং আধার কার্ডের মাধ্যমে লগ ইন করলেই পেয়ে যাবেন ফলাফল।
চলতি বছর এক দিন নয়, দু’দিন ধরে পরীক্ষা হয়েছিল। ১৪০টি শহরে ৭ ও ৮ ফেব্রুয়ারি পরীক্ষা হয়। প্রতিটি পরীক্ষা ছিল আড়াই ঘণ্টার। মোট ২০টি ভাষায় পরীক্ষা নেওয়া হয়েছিল। ইংরেজি, হিন্দি, বাংলা, অসমিয়া, তামিল, তেলুগু, তিব্বতি, মণিপুরি, মরাঠি, গারো, খাসি, মালয়ালম, মিজ়ো, নেপালি, ওড়িয়া, গুজরাতি, কন্নড়, পঞ্জাবি, সংস্কৃত এবং উর্দু ভাষায় পরীক্ষা হয়।