চাকরির সঙ্গেই পড়াশোনার সুযোগ খুঁজছেন? ভর্তির আবেদন গ্রহণ করবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (ইন্ডিয়ান স্কুল অফ মাইনস), ধানবাদ। কোনও সংস্থায় ম্যানেজার বা আধিকারিক পদে চাকরিজীবীরা এগ্জ়িকিউটিভ মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) করার সুযোগ পাবেন।
এই বিশেষ বিষয়টি নিয়ে পঠনপাঠনের জন্য যে কোনও বিষয়ে স্নাতকোত্তীর্ণেরা আবেদন করতে পারবেন। তাঁদের স্নাতক স্তরের পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে। তবে, প্রার্থীদের কোনও সংস্থায় এগ্জ়িকিউটিভ, সুপারভাইজ়ার পদে অন্তত এক বছরের চাকরির পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
দু’বছরের এমবিএ কোর্সের ক্লাস প্রতি সপ্তাহে বুধবার থেকে রবিবার পর্যন্ত অনলাইন মাধ্যমে করার সুযোগ থাকছে। যোগদানকারীরা সংশ্লিষ্ট কোর্সের মাধ্যমে কৌশলী দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণও নিতে পারবেন। চারটি সেমেস্টারের জন্য ফি হিসাবে মোট ৬,০০,০০০ টাকা ধার্য করা হয়েছে। ক্লাস ২৫ জুলাই থেকে শুরু হতে চলেছে।
আবেদনের পর প্রার্থীদের প্রবেশিকা এবং ইন্টারভিউয়ে পাশ করতে হবে। আবেদনমূল্য হিসাবে ২,০০০ টাকা ধার্য করা হয়েছে। আগ্রহীদের ৩১ মে-এর মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। লিখিত পরীক্ষা ১৪ জুন এবং ইন্টারভিউ ১৬ থেকে ১৭ জুন পর্যন্ত চলবে। অনলাইনে পরীক্ষা ও ইন্টারভিউ দিতে পারবেন। বাছাই করা প্রার্থীদের নাম ৩ জুলাই প্রকাশিত হবে।