বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের হাতেকলমে কাজ শেখাবে ভুবনেশ্বরের কেন্দ্রীয় সংস্থা। সম্প্রতি সিএসআইআর-ইনস্টিটিউট অফ মিনারেলস অ্যান্ড মেটিরিয়ালস টেকনোলজির (আইএমএমটি) তরফে এমনই ঘোষণা করা হয়েছে।
গবেষণা প্রতিষ্ঠানে স্বল্পমেয়াদের জন্য গ্রীষ্মকালীন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আগামী মে থেকে জুলাই পর্যন্ত চলবে প্রশিক্ষণ। তিন মাসের এই প্রশিক্ষণ পড়ুয়ারা ন্যূনতম দু’মাসের মধ্যেও সম্পূর্ণ করতে পারবেন।
বিভিন্ন খনিজ পদার্থকে সংগ্রহ করে প্রক্রিয়াকরণের পর কী ভাবে ব্যবহারযোগ্য করে তোলা যায়, তা-ই শেখানো হবে প্রশিক্ষণে। আবেদন করতে পারবেন বিটেক, ইন্টিগ্রেটেড এমএসসি, ইন্টিগ্রেটেড এমটেক, এমএসসি, এমএস, এমসিএ বা এমটেক কোর্সে পাঠরতরা। তবে যাঁদের শুধু বিএসসি ডিগ্রি রয়েছে, তাঁদের আবেদন গ্রহণ করা হবে না।
আরও পড়ুন:
মূলত যাঁরা সেরামিক্স, কেমিক্যাল, সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, মেটিরিয়ালস, মেকানিক্যাল, মেটালার্জি বা মিনারেলস ইঞ্জিনিয়ারিং পড়ছেন, তাঁদের আবেদনকে অগ্রাধিকার দেওয়া হবে। বিজ্ঞান পড়ুয়াদের মধ্যে অগ্রাধিকার পাবেন রসায়ন, পরিবেশবিজ্ঞান, ভূতত্ত্ববিদ্যা, পদার্থবিদ্যা বা জীবনবিজ্ঞানের কোন শাখা নিয়ে পাঠরতেরা।
আগ্রহীদের প্রথমে বিজ্ঞপ্তিতে উল্লিখিত গুগল ফর্ম পূরণ করতে হবে। এর পর উল্লিখিত ঠিকানায় পাঠাতে হবে আবেদনপত্র। আগামী ২৮ মার্চ আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।