কলা এবং ম্যানেজমেন্ট শাখার পড়ুয়াদের গবেষণার কাজ শেখাবে আইআইটি মাদ্রাজ। শুধু তাই নয়, তাঁদের বিভিন্ন ধরনের গবেষণার বিষয়বস্তু নিয়ে আলোচনা, প্রোডাক্ট ডিজ়াইন-সহ একাধিক কাজের জন্য প্রস্তুতি নিতেও সাহায্য করা হবে। প্রতিষ্ঠানের তরফে ‘সামার ফেলোশিপ’-এর মাধ্যমে স্নাতক স্তরে পাঠরতেরা এই সুযোগ পেতে পারেন।
এ ছাড়াও যাঁরা পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, এরোস্পেস, অ্যাপ্লায়েড মেকানিক্স, কেমিক্যাল, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ডেটা সায়েন্স অ্যান্ড কৃত্রিম মেধা, ওশান ইঞ্জিনিয়ারিং-এর মতো বিষয় নিয়ে যাঁরা তৃতীয় সেমেস্টারে পড়াশোনা করছেন, তাঁরাও সুযোগ পেতে পারেন। তবে, আইআইটি প্রতিষ্ঠানের পড়ুয়ারা এই প্রশিক্ষণ নিতে পারবেন না।
আরও পড়ুন:
পড়ুয়াদের ১৮ মে থেকে ১৭ জুলাই পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হবে। ১৫,০০০ টাকা প্রতি মাসের ফেলোশিপ হিসাবে বরাদ্দ করা হয়েছে। বাছাই করা পড়ুয়ারা আইআইটি মাদ্রাজের ছাত্রাবাসে থেকে প্রশিক্ষণের সুযোগ পাবেন।
আগ্রহীরা অনলাইনে নাম নথিভুক্ত করে আবেদন জানাতে পারবেন। জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণপত্রের সঙ্গে পড়ুয়াদের বিশ্ববিদ্যালয় কিংবা কলেজের অনুমোদনপত্রও আপলোড করতে হবে। আবেদনের জন্য পোর্টাল ২ মার্চ পর্যন্ত চালু থাকছে।