শুরু হয়ে গিয়েছে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টার। তৃতীয় সেমেস্টারে ফল ভাল না হয়ে থাকলেও এই সেমেস্টারে ভাল ফল করার সুযোগ রয়েছে। পরীক্ষায় ব্যাখ্যামূলক প্রশ্ন থাকায় এ বারের প্রস্তুতি অন্য রকম। উচ্চ মাধ্যমিকের এডুকেশন পরীক্ষা মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি। পরীক্ষার আগে শেষ মুহূর্তে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে, তা মনে করিয়ে দিচ্ছেন যাদবপুর বিদ্যাপীঠের বিষয় শিক্ষিকা শুচিস্মিতা বন্দ্যোপাধ্যায়।
শুচিস্মিতা বলেছেন, “প্রশ্নের উত্তর ব্যাখ্যামূলক হলেও এ বার উত্তরপত্রে ১২টি পাতা থাকবে। অতিরিক্ত পাতা নেওয়া যাবে না। তাই উত্তর দিতে হবে যথাযথ এবং স্পষ্ট ভাবে। অতিরিক্ত কথা লেখা যাবে না।”
তিনি জানিয়েছেন, প্রশ্নপত্রে গ্রুপ-এ থেকে ২ নম্বরের ১০টি প্রশ্ন থাকবে। প্রতি প্রশ্নে এ বার থাকবে অতিরিক্ত একটি বিকল্পও। এ ক্ষেত্রে সমস্ত উত্তর এক জায়গায় পর পর লেখা ভাল। কোনও কারণে তখন উত্তর মনে না পড়লে, সেই উত্তর লেখার জায়গা খালি রেখে অন্য প্রশ্নের উত্তর দিতে হবে। এই অংশে রাশিবিজ্ঞান থেকে দু’টি প্রশ্ন ছাড়াও বাকি বিভাগ থেকে একটি প্রশ্ন আসবে। তাই এই বিভাগের জন্য বিভিন্ন অধ্যায়ের সংজ্ঞা পড়তে হবে। যেমন— বুদ্ধি কাকে বলে, শিখন কৌশল বলতে কী বোঝায়, অপানুবর্তন কাকে বলে। এই বিভাগের জন্য প্রয়োজন বিভিন্ন বিষয়ের বৈশিষ্ট্য পড়াও । অন্তত দু’টি বৈশিষ্ট্য পড়া জরুরি।
আরও পড়ুন:
এ ছাড়া, শুচিস্মিতা স্মরণ করিয়ে দিয়েছেন, সেমেস্টারে নতুন ধাঁচের প্রশ্ন কেমন আসবে, তার আন্দাজ পাওয়ার জন্য সংসদের মডেল প্রশ্ন দেখে নিতে হবে। এই আন্দাজ থাকলে পরীক্ষাকেন্দ্রে উত্তর দেওয়ার সময় অনেকটাই সুবিধা মিলতে পারে।
এর পর শুচিস্মিতা গ্রুপ বি-র প্রসঙ্গে জানিয়েছেন, এই অংশে দু’টি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এ ক্ষেত্রেও থাকবে একটি অতিরিক্ত বিকল্প। এখানে মনস্তাত্বিক কল্যাণ বিষয়টি নতুন ভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই এটি গুরুত্ব দিয়ে পড়ে যেতে হবে। এই অংশের জন্য লাইফ স্কিল অধ্যায়, ডিজিটাল বিপ্লব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিও গুরুত্বপূর্ণ। তবে নম্বর দেখে উত্তর লেখার অভ্যাস করে যেতে হবে।
গ্রুপ-সি ১০ নম্বরের দু’টি প্রশ্নের উত্তর লিখতে হলেও অতিরিক্ত কথা লেখা যাবে না, মনে করিয়ে দিয়েছেন শিক্ষিকা। উত্তর হতে হবে যথাযথ। এ ক্ষেত্রে গুরুত্ব পাবে শিখনের সব তত্ত্ব, বুদ্ধি, শিক্ষাক্ষেত্রে বুদ্ধির প্রভাব, প্রেষণার অধ্যায়ও।
অন্য দিকে, এই অংশেই রাশিবিজ্ঞান থেকে তাত্ত্বিক প্রশ্ন যেমন আসবে, তেমনি অঙ্কও কষতে হবে। যে হেতু পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, তাই মুখে মুখেই করা যায়, এমন অঙ্কের প্রশ্নই আসবে। সে জন্য আগে থেকে প্রস্তুতি রাখতে হবে।