Advertisement
E-Paper

শিবপুর আইআইইএসটি-তে এমবিএ-র সুযোগ, ভর্তির জন্য যোগ্যতা যাচাই হবে কী ভাবে?

আগ্রহীদের এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৬
IIEST Shibpur

আইআইইএসটি, শিবপুর। ছবি: সংগৃহীত।

শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি-এ (আইআইইএসটি) রয়েছে মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামে ভর্তির সুযোগ। সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, চলতি শিক্ষাবর্ষের জন্য সংশ্লিষ্ট কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। এ জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

প্রতিষ্ঠানের স্কুল অফ ম্যানেজমেন্ট সায়েন্সেস (এসওএমএস)-র তরফে এমবিএ প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে। কোর্সটি দু’বছরের। পড়ুয়ারা ম্যানেজমেন্ট সায়েন্স-এর উপর এই স্নাতকোত্তর কোর্স করতে পারবেন। আসনসংখ্যা ৬০। যার মধ্যে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিতদের জন্য কিছু আসন রাখা হবে।

মোট চারটি সেমেস্টারে পাঠক্রমটি ভাগ করা হয়েছে। এর মধ্যে চারটি বিষয়ে স্পেশ্যালাইজ়েশনের সুযোগ রয়েছে, সেগুলি হল— মার্কেটিং ম্যানেজমেন্ট, ফিন্যানশিয়াল ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং অপারেশন্স ম্যানেজমেন্ট।

কোর্সে ভর্তির আবেদন জানাতে আগ্রহীদের ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, হিউম্যানিটিজ়, আর্টস, কমার্স বা বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশনে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তীর্ণ হতে হবে। যাঁরা স্নাতকের চূড়ান্ত বর্ষে পাঠরত, তাঁরাও সংশ্লিষ্ট কোর্সে আবেদন জানাতে পারবেন। পড়ুয়াদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক পর্বে বাছাই করা হবে। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে ভর্তি নেওয়া হবে কোর্সে।

আগ্রহীদের এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্য বাবদ সংরক্ষিতদের ১,০০০ টাকা এবং অসংরক্ষিত ১,৫০০ টাকা জমা দিতে হবে। আগামী ৩০ মার্চ আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের জন্য যোগ্য পড়ুয়াদের নাম ঘোষণা করা হবে ২ এপ্রিল। অনলাইন বা অফলাইনে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে ৮ এপ্রিল। নির্বাচিতদের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে ১৭ এপ্রিল। এ বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে দেখে নেওয়া যাবে।

Indian Institute of Engineering Science and Technology, Shibpur MBA Admission 2026 MBA Course 2026 MBA Programme 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy