গত মাসের শেষে আয়োজন করা হয় জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়ামিনেশন (জেইই মেন)-এর প্রথম পর্বের পরীক্ষা। চূড়ান্ত ‘আনসার কি’ কবে প্রকাশিত হবে, তা নিয়ে চিন্তায় পড়ুয়ারা। এর মধ্যে কবে পরীক্ষার ফল ঘোষণা করা হবে, তা জানিয়ে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।
জেইই মেন-এর প্রথম পর্বের পরীক্ষার আয়োজন করা হয়েছিল গত ২১ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত। পূর্ব প্রকাশিত ইনফরমেশন বুলেটিনে জানানো হয়েছিল, পরীক্ষার ফল প্রকাশিত হবে ১২ ফেব্রুয়ারি। কিন্তু এখনও পরীক্ষার চূড়ান্ত আনসার কি-ই প্রকাশ করা হয়নি। তাই কবে ফল ঘোষণা করা হবে তা নিয়ে চিন্তায় ছিলেন পরীক্ষার্থীরা। তার মধ্যেই এনটিএ তাদের এক্স হ্যান্ডেলে জানিয়েছে, ১৬ ফেব্রুয়ারির মধ্যেই ঘোষণা করা হবে জেইই মেন-এর ফলাফল। একইসঙ্গে জানানো হবে কাট-অফ নম্বরও।
আরও পড়ুন:
চূড়ান্ত আনসার কি প্রকাশিত না হলেও গত ৪ ফেব্রুয়ারি প্রকাশিত হয় পরীক্ষার ‘প্রভিশনাল আনসার কি’। পরীক্ষার্থীরা তা নিয়ে আপত্তি জানানোর জন্য ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় পান। তবে তার পর এনটিএ-র তরফে সমস্ত উত্তর খতিয়ে দেখে চূড়ান্ত আনসার কি প্রকাশ করা হয়নি। সাধারণত চূড়ান্ত আনসার কি-র উপর ভিত্তি করে পরীক্ষার রেজ়াল্ট প্রস্তুত করা হয়।
উল্লেখ্য, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি নিয়ে স্নাতকে ভর্তির জন্য প্রতি বছরই জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়ামিনেশন (জেইই) মেন-এর আয়োজন করে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। প্রথম পত্রে বিই এবং বিটেক-এ ভর্তির এবং দ্বিতীয় পত্রে বিআর্ক এবং বিপ্ল্যান-এ ভর্তির জন্য জেইই মেন-এর পরীক্ষা নেওয়া হয়।