Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_04-05-26

অগস্টের প্রথম সপ্তাহেই জয়েন্ট এন্ট্রান্স-এর ফল! জাতি শংসাপত্র নিয়ে বড় সিদ্ধান্ত নিল বোর্ড

ফল প্রকাশ হওয়ার আগে প্রত্যেক পরীক্ষার্থীকে তাঁদের জাতি শংসাপত্র আপডেট করাতে হবে। সে জন্য ৩১ জুলাই থেকে ২ অগস্ট পর্যন্ত পোর্টাল খোলা হয়েছে জয়েন্ট বোর্ডের তরফ থেকে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ১৫:৫২

নিজস্ব চিত্র।

তিন মাস পর প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এট্রান্সের ফল। ৭ অগস্ট ফল ঘোষণা হবে বলে জানানো হয়েছে রাজ্য জয়েন্ট বোর্ডের তরফে। আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করবেন জয়েন্ট বোর্ডের চেয়ারপারসন সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়।

সোনালী বলেন, “আশা করছি ৭ অগস্ট আমরা ফল ঘোষণা করতে পারব। ওবিসি সংরক্ষণ মামলা বিচারাধীন থাকার ফলেই ফল প্রকাশে দেরি হয়েছে।”

তবে বোর্ডের তরফে জানানো হয়েছে, ফল প্রকাশের আগে প্রত্যেক পরীক্ষার্থীকে তাঁদের জাতি শংসাপত্র আপডেট করতে হবে। সে জন্য ৩১ জুলাই থেকে ২ অগস্ট পর্যন্ত পোর্টাল খোলা হয়েছে।

পশ্চিমবঙ্গের অন্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-র শংসাপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তির মামলায় হাই কোর্টের নির্দেশ নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। সম্প্রতি রাজ্যের বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল হাই কোর্ট। সোমবার ওই নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই মতো কোর্টের ‘অর্ডার কপি’ হাতে পাওয়ার পর প্রথমে ওবিসি সংরক্ষণ নিয়ে আইনি পরামর্শ নেয় উচ্চ শিক্ষা দফতর। তারপর তা পাঠানো হয় জয়েন্ট বোর্ডকে।

২৭ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ইঞ্জিনিয়ারিং-এর প্রবেশিকা পরীক্ষা নেয়। তারপর প্রায় তিন মাস পেরিয়ে গিয়েছে, এখনও ফল প্রকাশ করতে পারেনি বোর্ড। প্রায় এক লক্ষ পরীক্ষার্থী আবেদন করেছিলেন। এর আগে বোর্ডের তরফে জানানো হয়েছিল, ৫ জুন জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের প্রস্তুতি সেরে ফেলেছিল বোর্ড। তার পরেই আদালতে ওবিসি সংরক্ষণ মামলা নিয়ে জটিলতার সৃষ্টি হয়। সোমবার ওবিসি নিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

ইতিমধ্যেই জয়েন্ট এন্ট্রান্সের ফল দ্রুত প্রকাশের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার এই পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে একটি জনস্বার্থ মামলার শুনানিতে বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চের নির্দেশ, এক সপ্তাহের মধ্যে রাজ্য জয়েন্টের ফল প্রকাশ করতে হবে। না হলে কেন ফল প্রকাশ হচ্ছে না তা হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্য এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে। ফল প্রকাশ না হলে ৭ অগস্টের মধ্যে জমা দিতে হবে হলফনামা।

WBJEE result Joint Entrance Examination
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy