Advertisement
E-Paper

ইংরেজিতে একশোয় একশো! শেষ মুহূর্তে কী করবে মাধ্যমিকের পরীক্ষার্থী, জানাচ্ছেন বিশেষজ্ঞেরা

শেষ মুহূর্তে কেমন প্রস্তুতি নেওয়া প্রয়োজন, জানাচ্ছেন যোধপুর পার্ক বয়েজ় স্কুলের প্রধানশিক্ষক অমিত সেনমজুমদার এবং যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০২
ইংরেজি পরীক্ষার টিপস।

ইংরেজি পরীক্ষার টিপস। ছবি: সংগৃহীত।

৩ ফেব্রুয়ারি মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। বাংলা মাধ্যম স্কুলের পড়ুয়ারা অনেকেই ইংরেজির খুঁটিনাটি নানা বিষয়ে ভয় পেয়ে থাকে। তবে গণিত, বিজ্ঞান বিষয়ের মতো ইংরেজিতেও ১০০-এ ১০০ নম্বর পাওয়া সম্ভব। শেষ মুহূর্তে কী ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন জানাচ্ছেন যোধপুর পার্ক বয়েজ় স্কুলের প্রধানশিক্ষক অমিত সেনমজুমদার এবং যাদবপুর বিদ্যাপীঠের প্রধানশিক্ষক পার্থপ্রতিম বৈদ্য।

পার্থপ্রতিম জানান, ইংরেজিতে ১০০-এ ১০০ নম্বর তুলতে পারবে পড়ুয়ারা। তবে সে ক্ষেত্রে কিছু তাঁদের প্রশ্নপত্রের ধরন বুঝে লিখতে হবে। প্রশ্নপত্রে সব থেকে বেশি নম্বর থাকে ‘রাইটিং স্কিল’ বিভাগে। অনেকেই ভাবে উত্তরে সাহিত্যগুণ থাকা প্রয়োজন। তাতে ভাল নম্বর পাওয়া যাবে। কিন্তু সব ক্ষেত্রে এমনটা সত্য নয়। বরং পর্ষদের তরফে নম্বর দেওয়ার কিছু বিধি নিষেধ রয়েছে, সেগুলি মেনে চলতে হয়। কী সেগুলি?

নোটিস, প্যরাগ্রাফ রাইটিং, নিউজ পেপার রিপোর্ট-সহ রাইটিং স্কিল বিভাগে যাই লিখতে হোক না কেন, সেখানে শিরোনাম বা টাইটেল, সাবজেক্ট বা বিষয়, তারিখ উল্লেখ করা জরুরি।

কোন অঙ্গিকে উত্তর লিখতে হবে অর্থাৎ ফরম্যাট-ও গুরুত্বপূর্ণ। তাই ফরম্যাট মেনে এই বিভাগে উত্তর দেওয়া হলে পুরো নম্বর পাওয়ার সম্ভবনা রয়েছে।

অন্য বিভাগগুলি যে হেতু পাঠ্যের প্রশ্ন-উত্তর, তাই সে ক্ষেত্রে ঠিক উত্তরটি স্পষ্ট নির্ভুল ভাষায় লিখলে সম্পূর্ণ নম্বর পাওয়ার সুযোগ রয়েছে।

অন্য দিকে অমিত সেনমজুমদার জানিয়েছেন, প্রশ্নপত্রের ‘আনসিন’ অংশ নিয়ে পড়ুয়ারা খুবই ভয় পায়। এটি মূলত মৌলিক রচনার অংশ। এখানে এমন কিছু বিষয় নিয়ে লিখতে দেওয়া হয় যা থেকে পরীক্ষার্থীর ভাষাজ্ঞানের পরীক্ষা হয় তাৎক্ষণিক লেখার মধ্য দিয়ে। কিন্তু পরীক্ষার্থীরা চেষ্টা করেন বিগত কিছু বছরের প্রশ্ন দেখে কোনও রচনা মুখস্ত করে আসতে। তাতে আখেরে লাভ হয় না তেমন। বরং নিয়মিত খবরের কাগজ পড়ার অভ্যাস করা ভাল। শেষ মুহূর্তে দেখে নেওয়া যেতে পারে গত ছ’মাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি। তবে চর্চা আগে থেকেই করা উচিত। খবরের কাগজ খুঁটিয়ে পড়া, নতুন শব্দ দেখলে মানে বুঝে নেওয়ার অভ্যাস করা প্রয়োজন।

পাশাপাশি, আনসিন বিভাগে প্রশ্নের অর্থ বুঝে নেওয়া খুব জরুরি। সে জন্য পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে প্রশ্ন বার বার প়ড়ে দেখতে হবে। তাড়াহুড়ো নয়, বরং পরীক্ষার মোট তিন ঘণ্টা সময় পরীক্ষার জন্য ব্যবহার করা উচিত বলে মনে করেন তিনি। মুখস্ত বিদ্যা নয়, খুঁটিয়ে পড়ার উপরই জোর দিতে বলছেন প্রধানশিক্ষক।

Madhyamik 2026 WBBSE board exam
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy