রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়াম ফর কম্পিউটার অ্যাপ্লিকেশন (জেইসিএ) ২০২৬-এর আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়ামিনেশন বোর্ড-এর (ডব্লিউবিজেইই) তরফে ঘোষণা করা হয়েছে পরীক্ষার দিন। ডব্লিউবিজেইই ওয়েবসাইট থেকেই আবেদনপত্র জমা দিতে পারবেন আগ্রহীরা।
জেইসিএ প্রবেশিকা উত্তীর্ণ হয়ে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কম্পিউটার অ্যাপ্লিকেশনের স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়া যায়। বোর্ডের তরফে জানানো হয়েছে, আবেদনপত্র খুব সচেতন ভাবে পূরণ করতে হবে। এক বার প্রার্থীর নাম, বাবা-মায়ের নাম, ঠিকানা, জন্মতারিখের মতো গুরুত্বপূর্ণ তথ্যগুলি জমা পড়ে গেলে তা আর বদল করা যাবে না।
৯ এপ্রিল থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া, চলবে ২২ এপ্রিল পর্যন্ত। আবেদনপত্রে কোনও ভুল থাকলে তা সংশোধন করতে হবে ২৪ ও ২৫ এপ্রিলের মধ্যে। পরীক্ষার অ্যাডমিট কার্ড পাওয়া যাবে ৪ থেকে ৯ জুন পর্যন্ত। প্রবেশিকা পরীক্ষা হবে ১৪ জুন সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। ফলাফল ঘোষণার দিন এখনও জানানো হয়নি। আবেদনের জন্য সাধারণ বিভাগের প্রার্থীদের ৫০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। বাকি অসংরক্ষিত বিভাগের প্রার্থীদের দিতে হবে ৪০০ টাকা করে।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
wbjeeb.nic.in— এই ওয়েবসাইটে প্রথমে যেতে হবে।
হোমপেজ থেকে ‘জেইসিএ ২০২৬’ লেখাটির উপর ক্লিক করতে হবে।
যদি আগে থেকে রেজিস্ট্রেশন করা না থাকে, তা হলে প্রয়োজনীয় তথ্য পূরণ করে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।
এর পরে রেজিস্ট্রেশন নম্বর-সহ প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করতে হবে।
আবেদনপত্রটি পূরণ করতে হবে প্রয়োজনীয় তথ্য এবং স্ক্যান করা নথি দিয়ে।
সব শেষে আবেদনের জন্য বরাদ্দ টাকা জমা করে আবেদনপত্রটি ‘সাবমিট’ করতে হবে।
পরবর্তী সময়ে প্রয়োজনের জন্য আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট নিয়ে রাখতে পারেন।
একজন প্রার্থী প্রয়োজনীয় সঠিক তথ্য অর্থাৎ জন্মতারিখ, ঠিকানা-সহ বাকি তথ্য দিয়ে শুধুমাত্র একটি আবেদনপত্রই পূরণ করতে পারবেন। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইট থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পারবেন।