Advertisement
E-Paper

রাজ্যের ৮ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য, লোকভবনের নির্দেশে নিয়োগপত্র দিল শিক্ষা দফতর

জানুয়ারিতে নতুন করে ছ’টি বিশ্ববিদ্যালয়ের জন্য উপাচার্যের নাম ঘোষণা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু তিন সপ্তাহ পরেও মনোনীত উপাচার্যেরা নিয়োগপত্র পাননি বলে অভিযোগ ওঠে। তার পরই বৃহস্পতিবার একে একে আটটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরা হাতে পান চিঠি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৭
গ্রাফিক: আনন্দবাজার ডট কম

গ্রাফিক: আনন্দবাজার ডট কম

জটিলতা কাটিয়ে নিয়োগপত্র হাতে পেলেন রাজ্যের আটটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বৃহস্পতিবার তাঁদের মধ্যে অনেকে কাজে যোগ দিয়েছেন বলেও জানা গিয়েছে।

গত প্রায় তিন বছর ধরে রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে আটকে রয়েছে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া। ২০২৫ থেকে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে ধাপে ধাপে সেই জটিলতা কেটেছে। গত জানুয়ারিতে নতুন করে ছ’টি বিশ্ববিদ্যালয়ের জন্য উপাচার্যের নাম ঘোষণা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু তিন সপ্তাহ পরেও মনোনীত উপাচার্যেরা নিয়োগপত্র পাননি বলে অভিযোগ ওঠে। তার পরই বৃহস্পতিবার একে একে আটটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরা হাতে পান চিঠি।

গত ২৭, ২৮ এবং ২৯ জানুয়ারি সমাজমাধ্যমে রাজ্যপাল ঘোষণা করেন সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে অয়ন ভট্টাচার্য, হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে নিমাইচন্দ্র সাহা, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অর্ণব সেন, বাবাসাহেব অম্বেডকর এডুকেশন ইউনিভার্সিটিতে অরুণাশিস গোস্বামী, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে দেবব্রত বসু এবং ওয়েস্ট বেঙ্গল রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে দেবব্রত মিত্রের নাম। তাঁরা সকলেই এ দিন নিয়োগপত্র হাতে পেয়েছেন। সেই সঙ্গে বৃহস্পতিবার লোকভবনের তরফে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে সঞ্চারী রায় মুখোপাধ্যায় এবং ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে মিতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়। তাঁরাও নিয়োগপত্র পেয়েছেন।

উচ্চশিক্ষা দফতর সূত্রের খবর, প্রথম ছ’টি বিশ্ববিদ্যালয়ের জন্য উপাচার্যের নাম আগে ঘোষণা করলেও, সে সংক্রান্ত ফাইল লোকভবন পাঠায়নি তাদের কাছে। তাই ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহেও নিয়োগপত্র দেওয়া যায়নি। এ বার সকলকে নিয়োগপত্র দেওয়া হয়েছে নিয়ম মেনে।

বৃহস্পতিবার ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য মিতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নিয়োগপত্র হাতে পাওয়ার পরই কাজে যোগ দিয়েছি। স্থায়ী উপাচার্যের অভাবে বিশ্ববিদ্যালয়ে অনেক কাজই আটকে রয়েছে। সে ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ করতে হবে।”

রাজ্যের ৩৬টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ ঘিরেই তৈরি হয়েছিল জটিলতা। এখনও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় এবং মৌলনা আবুল কালাম আজ়াদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য উপাচার্যের নাম ঘোষণা হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বে সার্চ অ্যান্ড সিলেকশন কমিটি তাঁদের নাম স্থির করবে।

VC appointment wb
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy