ভোটের আগে শিক্ষকেরা পাবেন ১০ শতাংশ মহার্ঘ ভাতা। ২০২৫-এ এই ডিএ ঘোষণা হয়েছিল। প্রাপ্য সেই ভাতা পেতে গড়িয়ে গেল এক বছর। জানা গিয়েছে, সমস্ত সরকারি ও সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের জন্য এ সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দফতর।
২০২৪ এবং ২০২৫-এ ১০ শতাংশ করে মোট ২০ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। ২০২৫-এ এপ্রিলে তার ১০ শতাংশ দেওয়া হয়েছিল। বাকি ১০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার কথা চলতি বছর ফেব্রুয়ারিতে জানিয়েছিল সরকার। রোপা-২০০৯ অনুযায়ী বেতনভুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীরা ২০২৫-এর এপ্রিল থেকে বকেয়া-সহ ওই ভাতা পাবেন। মহার্ঘ ভাতা ১০ শতাংশ হারে বৃদ্ধির পর ১৬১ শতাংশ তা বেড়ে হল ১৭১ শতাংশ।
আরও পড়ুন:
এ প্রসঙ্গে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলে প্রিন্সিপাল বিভাস সান্যাল বলেন, “এটা আমাদের প্রাপ্য। যত দ্রুত সম্ভব এই টাকা বকেয়া সমেত দিয়ে দেওয়া হোক।” রাজ্যে ডিএ-প্রাপ্ত স্কুলের সংখ্যা ৪০-৪৫। এই সমস্ত স্কুলগুলি শুধুমাত্র রাজ্য সরকারের কাছ থেকে মহার্ঘ ভাতা পান আর মূল বেতন স্কুলের পরিচালন সমিতি দিয়ে থাকে।
বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, “ডি এ গেটিং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের জন্য এই ঘোষিত ১০ শতাংশ ডিএ দিতে প্রতিবারই দেরি করছে সরকার। এখন ভোটের আগে তা মিটিয়ে দেওয়া হচ্ছে। আগামীদিনে যাতে যাতে এমন না হয় তা নজরে রাখা দরকার।”