নারী পাচারকারী সন্দেহে বর্ধমানে তিন মহিলা-সহ পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে বর্ধমান স্টেশনে ওই পাঁচ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই পাঁচ জনের মধ্যে তিন মহিলা হল তসলিমা বেগম, সাহানা বিবি এবং ঊর্মি বিবি। এরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক বলে দাবি পুলিশের। ওই তিন মহিলা ছাড়া বংশীধর সাউ ও তার ছেলে সারদাপানি সাউ নামে দু’জন স্থানীয় বাসিন্দাকেও একই অভিযোগে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। সোমবার ধৃতদের দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।
জেলা পুলিশ সুপার এস এম এইচ মির্জা এ দিন বলেন, গত রাতে ওই পাঁচ জনেই ট্রেন চড়ে মুম্বই যাওয়ার উদ্দেশ্যে বর্ধমান স্টেশনে যায়। গোপন সূত্রে খবর পেয়ে ট্রেনে ওঠার আগেই তাদের ধরে পুলিশ। পুলিশ জানিয়েছে, বংশীধর ও সারদাপানির সঙ্গে বর্ধমানের জে এন মিত্র লেনে একটি বাড়ি ভাড়া করে বসবাস করছিল ওই মহিলারা। ওখানে বসেই নারী পাচারের ছকও কষেছিল বলে দাবি পুলিশের। পুলিশ সুপারের দাবি, ধৃতদের পাণ্ডা হল তসলিমা বেগম। তসলিমার কাছ থেকে একটি বাংলাদেশি পাসপোর্ট, প্যান কার্ড এবং মহারাষ্ট্রের ভোটার কার্ড উদ্ধার করেছে পুলিশ।