পাড়ুইয়ের সাগর ঘোষ হত্যা-মামলায় অন্যতম অভিযুক্ত ভগীরথ ঘোষকে সোমবার দু’দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন সিউড়ির মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) রাজেশ চক্রবর্তী। এর আগে বিশেষ তদন্তকারী দল বা স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম (সিট) ভগীরথ ঘোষকে ন’দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছিল। এ দিন সেই মেয়াদ শেষ হওয়ায় তাঁকে আদালতে তোলা হলে বিচারক ওই নির্দেশ দেন। সিট-এর পাশাপাশি সরকারি আইনজীবীও ভগীরথের পুলিশি হেফাজতের বিরোধিতা করেননি। অন্য দিকে, এ দিন হাইকোর্টে পাড়ুই মামলার শুনানির কথা থাকলেও আদালত বন্ধ থাকায় তা হয়নি। এক আইনজীবীর মৃত্যুর ঘটনায় হাইকোর্টের সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যায়।