পানশালায় গুলি চালানোর অভিযোগে শিলিগুড়ি শহর থেকে এক জনকে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সনাতন চৌধুরী।
গত সোমবার মধ্যরাতে প্রধাননগর থানা এলাকার একটি পানশালায় এক তরুণীর হাত ধরে টানাটানি করে এক দল দুষ্কৃতী। বাধা দেওয়ায় আচমকাই তাদের মধ্যে এক জন গুলি চালায়। গুলির আওয়াজে ভয় পেয়ে পালাতে গিয়ে একে অন্যের ঘাড়ে পড়ে জখম হন অন্তত ন’জন। তাঁদের মধ্যে তিন জন তরুণীও ছিলেন। শেষে পানশালার নিরাপত্তাকর্মীরা সকলকে নিরাপদে বাইরে বার করে দেন। এরই ফাঁকে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
ক্লোজ সার্কিট টিভির ফুটেজ খতিয়ে দেখে দু’জনকে শনাক্ত করে পুলিশকে জানিয়েছিলেন পানশালার কর্তৃপক্ষ। তারই ভিত্তিতে বুধবার দুপুরে শিলিগুড়ি শহর থেকে সনাতনকে গ্রেফতার করে পুলিশ। জেরায় সনাতন জানিয়েছে, ওই দিন দুষ্কৃতী দলের সঙ্গে ছিল সে। তবে গুলি সে চালায়নি বলে ধৃতের দাবি। অন্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।