অসম বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে পশ্চিমবঙ্গ। নির্বাচনী কাজে ব্যবহারের জন্য এ রাজ্য থেকে বিপুল সংখ্যক বেসরকারি বাস, মিনিবাস এবং ছোট গাড়ি পাঠানো হচ্ছে প্রতিবেশী রাজ্যে। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি অসমের পরিবহণ সচিব পশ্চিমবঙ্গের পরিবহণ সচিব সৌমিত্র মোহনের সঙ্গে যোগাযোগ করে যানবাহনের প্রয়োজনীয়তার কথা জানান। সেই আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয় পশ্চিমবঙ্গ থেকে বাস ও গাড়ি পাঠানোর।
আগামী ৯ এপ্রিল অসমে এক দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই ভোটগ্রহণকে কেন্দ্র করে নির্বাচনের আগে, ভোটের দিন এবং পরবর্তী সময়ে পর্যাপ্ত যানবাহনের প্রয়োজন রয়েছে। এই কারণে শনিবার থেকেই ধাপে ধাপে গাড়ি পাঠানো শুরু হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বাসগুলি ৬ এপ্রিলের মধ্যে অসম সীমান্তে পৌঁছে রিপোর্ট করবে। ভোটগ্রহণ শেষ হলে ১০ ও ১১ এপ্রিলের মধ্যে সেগুলি আবার পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনা হবে।
আরও পড়ুন:
সব মিলিয়ে প্রায় দেড় হাজার যানবাহন পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে। এর মধ্যে কলকাতা, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে প্রায় ৩৫০টি বড় বাস এবং ১০০টি ছোট গাড়ি যাচ্ছে। এই বাসগুলির বেশির ভাগই মিনিবাস। অন্য দিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা থেকে সবচেয়ে বেশি সংখ্যক গাড়ি পাঠানো হচ্ছে, যার সংখ্যা আনুমানিক ৯০০ থেকে ১১০০-এর মধ্যে।
পরিবহণ মহলের মতে, এই বিপুল সংখ্যক যানবাহন বাইরে চলে যাওয়ায় কিছু ক্ষেত্রে যাত্রী পরিষেবায় প্রভাব পড়তে পারে। পশ্চিমবঙ্গ বাস মিনিবাস সমন্বয় সমিতির তরফে রাহুল চট্টোপাধ্যায় জানিয়েছেন, কলকাতা ও সংলগ্ন শহরতলিতে তেমন প্রভাব পড়বে না। তবে দক্ষিণবঙ্গের কিছু জেলা, বিশেষ করে নদীয়ায় সাময়িক সমস্যা দেখা দিতে পারে। একই ভাবে উত্তরবঙ্গের চারটি জেলায় যাত্রী পরিষেবায় কিছুটা চাপ পড়ার আশঙ্কা রয়েছে বলেও মনে করা হচ্ছে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে দু’দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ২৩ ও ২৯ এপ্রিল। প্রথম দফার ভোট হবে উত্তরবঙ্গে, সেই সময় অসম থেকেও কিছু বাস উত্তরবঙ্গে পাঠানো হতে পারে বলে সূত্রের খবর।