সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্পে গবেষক ও কর্মী প্রয়োজন। ওই প্রতিষ্ঠানে প্রজেক্ট অ্যাসোসিয়েট, প্রজেক্ট সায়েন্টিস্ট, সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগ করা হবে। আটটি শূন্যপদ রয়েছে।
ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তরফে উল্লিখিত পদে নিয়োগের বিশদ শর্ত জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, প্রতিষ্ঠানের বিভিন্ন গবেষণা প্রকল্পে মোট এক বছরের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে। কোন পদে কাদের নিয়োগ করা হবে, তাঁদের শিক্ষাগত যোগ্যতা কী? রইল বিস্তারিত—
প্রজেক্ট সায়েন্টিস্ট:
উল্লিখিত পদে আবেদনকারীদের ওয়াইল্ডলাইফ সায়েন্স, ইকোলজি, বায়োডায়ভার্সিটি অ্যান্ড কনজ়ারভেশন-এর মধ্যে যে কোনও একটি বিষয়ে পিএইচডি থাকা চাই। এ ছাড়াও তাঁদের ফিল্ড রিসার্চ থেকে পাওয়া তথ্য যাচাই এবং বিশ্লেষণের দক্ষতা থাকতে হবে। রেড ফক্স, লিংকস্-এর মতো বিলুপ্ত প্রজাতির প্রাণীর জীবনচক্র নিয়ে গবেষণার পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তের জন্য প্রতি মাসে ৭৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।
আরও পড়ুন:
সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট:
বনপালনবিদ্যা, ইকোলজি, ওয়াইল্ডলাইফ সায়েন্স-এ স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের বন্যপ্রাণ অধ্যুষিত এলাকায় গিয়ে তথ্য সংগ্রহের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়াও রেড ফক্স, লিংকস্-এর মতো বিলুপ্ত প্রজাতির প্রাণীর গতিবিধিতে নজরদারি রাখার দক্ষতাও থাকা প্রয়োজন। অনূর্ধ্ব ৪০ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। নিযুক্তকে প্রতি মাসে ৫৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।
প্রজেক্ট অ্যাসোসিয়েট:
পরিবেশ বিজ্ঞান, বনপালনবিদ্যা, জিয়োইনফরমেটিক্স, ইকোলজি, ওয়াইল্ডলাইফ সায়েন্স, মেরিন সায়েন্সেস, মেরিন বায়োলজি কিংবা লাইফ সায়েন্সেস শাখার সমতুল কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকলের উল্লিখিত পদে নিয়োগ করা হবে। প্রার্থীদের গবেষণালব্ধ তথ্যের রিপোর্ট তৈরির দক্ষতা থাকা প্রয়োজন। এ ছাড়াও দুর্গম এলাকা থেকে তথ্য সংগ্রহের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। নিযুক্তদের জন্য প্রতি মাসে ৩৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।
আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৩ এপ্রিল। পাশাপাশি, আবেদনমূল্য হিসাবে ৫০০ টাকা জমা দিতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইকরণ চলবে। কবে ইন্টারভিউ নেওয়া হবে, সে বিষয়ে জানতে নিয়মিত প্রতিষ্ঠানের ওয়েবসাইট-এ নজর রাখতে পারেন।