Advertisement
E-Paper

মাটির তলায় রায়ান-পারুল, গল্‌‌ফ খেলছে সংযুক্তা! ‘পরিণীতা’র এই দৃশ্যের নেপথ্যে কোন কাহিনি?

ছোটপর্দায় অনেক সময়ে এমন অনেক কাহিনি দেখানো হয়, যা কিছু কিছু ক্ষেত্রে অবিশ্বাস্য হয়ে যায়। ‘পরিণীতা’র এমনই এক দৃশ্যকে ঘিরে শুরু সমালোচনা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৭:৪০
‘পরিণীতা’ ধারাবাহিকে রায়ান-পারুলের দৃশ্যে নিয়ে বিপুল সমালোচনা শুরু।

‘পরিণীতা’ ধারাবাহিকে রায়ান-পারুলের দৃশ্যে নিয়ে বিপুল সমালোচনা শুরু। ছবি: সংগৃহীত।

মাটির উপরে বেরিয়ে আছে চারটি মুন্ডু। আর গল্‌‌ফ বল ভেবে তা নিয়েই খেলার প্রচেষ্টায় সংযুক্তা সেন। সম্প্রতি, ‘পরিণীতা’ ধারাবাহিকে এমনই দৃশ্য দেখা গিয়েছে। প্রচার-ঝলক প্রকাশ্যে আসার পরে তা নিয়ে সমালোচনাও হয়েছে। এ বার নেপথ্যের কাহিনি বললেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়।

ছোটপর্দায় অনেক সময়ে এমন অনেক কাহিনি দেখানো হয়, যা কিছু কিছু ক্ষেত্রে অবিশ্বাস্য মনে হয়। যেমন এক বার এক ধারাবাহিকে দেখানো হয়েছিল শহুরে পাকা বাড়িতে বাঘ ঢুকে গিয়েছে। সেই বাঘের হাত থেকে পরিবারকে বাঁচাচ্ছে কাহিনির নায়িকা। আবার সম্প্রতি, এক কাহিনিতে দেখানো হয়েছিল পৃথিবীর বুকে এসেছে ভিন্‌গ্রহের প্রাণী। তা নিয়েও বিস্তর সমালোচনা হয়। এ বার ‘পরিণীতা’র দৃশ্য নিয়েও হাসাহাসি সর্বত্র।

ধারাবাহিকের খলনায়িকা রূপসা এই প্রসঙ্গে জানালেন, নেতিবাচক মন্তব্য তাঁর মনে বা কাজে খুব একটা প্রভাব ফেলে না। ওই দৃশ্যে অভিনেত্রী রূপসাকেই নায়ক-নায়িকার মাথা দিয়ে গল্‌‌ফ খেলার চেষ্টা করতে দেখা গিয়েছে। তিনি বলেন, “ওই দৃশ্যের শুটিংয়ের আগে দেড় ঘণ্টা ধরে আমাদের পরিচালক বুঝিয়েছিলেন, কী ভাবে সবটা হবে। আমরা নিজেরাও ভাবছিলাম, ভাল লাগবে কি না। চার জনের মানুষের সমান গর্ত খোঁড়া হয়েছিল। সে দিন যা গরম ছিল! পিঁপড়ের কামড়ও খেতে হয়েছে প্রচুর।” রূপসার মতে, নানা জনের নানা মত থাকবেই। ধারাবাহিকে এমন অনেক কিছু দেখানো হয়, কারণ দর্শকের একাংশ এগুলো পছন্দও করে।

তিনি যোগ করেন, “প্রচার-ঝলক প্রকাশ্যে আসার পরে অনেক নেতিবাচক মন্তব্য এসেছে, এটা ঠিক কথা। কিন্তু আমাদের এত জন ভালবাসে, তারাই সবাইকে উত্তর দিয়েছে।” উল্লেখ্য, চলতি সপ্তাহেও টিআরপি তালিকায় প্রথম স্থানে রয়েছে ‘পরিণীতা’। রূপসার মতে, এত কিছুর মধ্যেও যখন অনুরাগীরা প্রশংসা করে, তখন কোনও নেতিবাচক মন্তব্যে আর কেউই গুরুত্ব দিতে চান না।

Tollywood Bengali Serial
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy