পান খেতে ভালবাসেন ‘বন্ধু’। তাই নাকি ভেজা লাল কাপড়ে মোড়া একগুচ্ছ পান গাড়িতে! ‘বন্ধু’র জন্য উপহার। সোমবার অরিজিৎ সিংহের বাড়িতে আমির খান এলেন এ ভাবেই। জিয়াগঞ্জে ‘আমিরি’ উপস্থিতি ইতিমধ্যেই ভাইরাল। খবর, আমির নাকি দিন দুই থাকবেন গায়কের বাড়িতে।
ফেব্রুয়ারি মাসের শেষ থেকে প্রথম হিন্দি ছবির দ্বিতীয় প্রস্তের শুটিং শুরুর কথা। সেই ছবিতে কি কোনও ভাবে আমির যুক্ত থাকবেন? নইলে অরিজিতের বাড়িতে হঠাৎ কেন আমির? সূত্রের খবর, বলিউডের তাবড় প্রযোজকের সঙ্গে ছবিতে গাওয়ার আগাম চুক্তি ছিল গায়কের। অরিজিৎ ছবির গান গাওয়া থেকে আচমকা অবসর ঘোষণা করায় ফাঁপরে পড়েছেন তাঁরা। এই দলে সম্ভবত আমির খানও। তাই হয়তো তড়িঘড়ি ছুটে এসেছেন গায়কের জিয়াগঞ্জের বাড়িতে। শোনা গিয়েছে, হিন্দি ছবির শুটিং শুরুর পর থেকেই নাকি ছবিতে গান গাওয়া নিয়ে টালবাহানা শুরু করেছিলেন গায়ক। যে কারণে, বোলপুরে শুটিং চলাকালীন মুম্বই থেকে উড়ে এসেছিলেন বিশাল ভরদ্বাজ-সহ বলিউড এবং টলিউডের অনেক প্রযোজক।
আমির তাঁর বাড়িতে। কাকপক্ষীতেও যাতে টের না পায়, তার জন্য চেষ্টার কসুর ছিল না অরিজিতের। সোমবার কেউ টেরও পাননি। খবর, মঙ্গলবার তাঁর স্টুডিয়োয় যাওয়ার পথেই নাকি ছবিশিকারিদের হাতে ধরা পড়েন অভিনেতা। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, চামড়ার জ্যাকেট গায়ে গাড়িতে উঠছেন তিনি। চুল উল্টে আঁচড়ে হেয়ারব্যান্ডে বন্দি। তাঁকে ঘিরে নিরাপত্তারক্ষী। দ্রুত পায়ে গাড়িতে উঠতে দেখা যায় তাঁকে। উপস্থিত জনতার উদ্দেশে হাত নাড়েন তিনি।
‘দঙ্গল’ ছবিতে কাজের সুবাদে অরিজিৎ সিংহের সঙ্গে বন্ধুত্ব আমির খানের। এই ছবির নায়ক ছিলেন আমির। তাঁর ঠোঁটে শোনা গিয়েছিল অরিজিতের গান। খুব অল্প সময়ে বন্ধুত্ব গাঢ় হয় তাঁদের। পরস্পরের সঙ্গে কাজ করতেও নাকি তাঁরা স্বচ্ছন্দ। এর আগে একাধিক সাক্ষাৎকারে আমির জানিয়েছেন, তিনি অরিজিতের গানের ভক্ত। এখন প্রশ্ন, এই উপস্থিতি কি নিছক সৌজন্য সাক্ষাৎ? অরিজিতের সঙ্গে যোগাযোগ করা যায়নি। বক্তব্য জানাননি আমিরও। ফলে, পুরোটাই আপাতত সময়ের উপরে ছেড়ে দিয়েছেন দুই তারকার অনুরাগীরা।