ছোটপর্দা থেকে বড়পর্দায় যাওয়া নিয়ে অনেক শিল্পীই অনেক ধরনের কথা বলেন। এক সাক্ষাৎকারে হিনা খান জানিয়েছিলেন, তাঁকে প্রত্যাখ্যানের সম্মুখীন হতে হয়েছিল। এমনকি, অভিনেত্রী মৃণাল ঠাকুর ছোটপর্দা থেকে বড়পর্দায় নিজেকে প্রতিষ্ঠার পরিশ্রম নিয়ে কথা বলেছেন। টলিউডেও কি একই সমস্যা পোহাতে হয় অভিনেতাদের?
এই মুহূর্তে টলিপাড়ায় ছোটপর্দার অনেক শিল্পীই কাজ করছেন বড়পর্দায়। যেমন সদ্য ঘোষণা হয়েছে নতুন ছবি ‘ফিরে এসো অনুরাধা’। যে ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা নীল ভট্টাচার্য, আদৃত রায় এবং জন ভট্টাচার্যকে। নায়িকা হিসাবে দেখা যাবে অভিনেত্রী অঙ্গনা রায়কে। পরিচালনায় আশিস কুমার।
নতুন ছবির মহরতে নীল, অঙ্গনা, জন, আদৃত। নিজস্ব চিত্র।
নীল এবং জন, দু’জনের অভিনয় জীবনের শুরু ছোটপর্দা দিয়ে। অঙ্গনা এবং আদৃতকেও ছোটপর্দায় দেখেছে দর্শক। তবে তাঁদের শুরু ওয়েব সিরিজ়, বড়পর্দা দিয়ে। এখনও কি ছোটপর্দা থেকে বড়পর্দায় নিজেকে প্রতিষ্ঠা করতে বেশি পরিশ্রম করতে হয় শিল্পীদের? এ প্রসঙ্গে অভিনেতা নীলের উত্তর, “আমি এই পার্থক্য কখনও বুঝতে পারিনি। কাজটা বরাবরই মন দিয়ে করতে চেয়েছি। ভাল চরিত্র, কাহিনি বেশি গুরুত্ব মাধ্যমের থেকেও। তাই এমন কোনও পার্থক্যের রয়েছে বলে বুঝিনি।”
নীলকে কিছু দিন আগে দর্শক দেখেছেন ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকে। তার পরেই নতুন ছবিতে অভিনয়ের প্রস্তুতি শুরু করেন তিনি। তাঁদের এই নতুন ছবির নাম ‘ফিরে এসো অনুরাধা’। সঙ্গীতশিল্পী রাহুল দেব বর্মণের প্রতি শ্রদ্ধার্ঘ হিসেবে তৈরি হবে এই ছবি। প্রথম বার বাংলা ছবি তৈরি করছেন পরিচালক আশিস। কর্মসূত্রে তিনি মুম্বইয়ের বাসিন্দা। কিন্তু তাঁর শিকড় এই কলকাতা। তাই বাংলা ছবি তৈরির ভাবনা। তিনি বলেন, “একটা ছবিকে কেন্দ্র করে অনেক লাভ হবে, এমন ভাবনা নিয়ে এগোচ্ছি না। আগামী দিনে আরও ছবির পরিকল্পনা রয়েছে।”
গোটা কলকাতা জুড়ে হবে ছবির শুটিং। অতিথি চরিত্রে দেখা যাবে রাইমা সেনকে। এ ছাড়াও ছবিতে অভিনয় করছেন বিশ্বনাথ বসু। সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকবেন শিলাদিত্য সোম। শীঘ্রই শুরু হবে শুটিং।