দিনকয়েক আগেই এক সাক্ষাৎকারে অভিনেতা অভিষেক বচ্চন তাঁর মেয়ে আরাধ্যাকে বড় করে তোলার নেপথ্যে স্ত্রী ঐশ্বর্যা রাই বচ্চনের ভূয়সী প্রশংসা করেন। আরাধ্যা তারকসন্তান। তার উপর বাড়তি নজর থাকেই। যদিও তার শিক্ষা, সংস্কারের সুখ্যাতি করেন অনেকেই। অভিভাবক হিসাবে আরাধ্যার জীবনের পথপ্রদর্শক কে? বাবা না কি মা?
আরও পড়ুন:
অভিষেক সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, তাঁর ও ঐশ্বর্যার মধ্যে কারও সন্তানপালনের কোনও পূর্বনির্ধারিত ভূমিকা নেই। তিনি জানান, তিনি পুরুষ বলে যে তিনিই কেবল আরাধ্যকে আত্মরক্ষা করতে শেখাবেন, তা নয়। কারণ ঐশ্বর্যাও সমান ভাবে সক্ষম।
অভিষেক বলেন, “বাবা-মা হিসাবে আমরা দু’জনেই আরাধ্যাকে সবটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। কোনটা ঠিক আর কোনটা ভুল, সেটা সরাসরি বলি না। আমরা নিজেরা সবটা চোখের সামনে দেখিয়ে দিতে বিশ্বাস করি। ব্যাপারটা কখনওই এমন নয় যে, ‘ঠিক আছে, আমি ওকে আত্মরক্ষা শেখাব।’ আপনি যদি আমার স্ত্রীকে দেখে থাকেন, তিনি নিজেই নিজের খেয়াল রাখতে পারেন। আরাধ্যার দায়িত্ব নিয়ে কোনও ভাগাভাগি নেই। স্বামী-স্ত্রীর মধ্যে কোনও প্রতিযোগিতা নেই।’’
অভিষেক বিশ্বাস করেন তাঁর সন্তান তেমনই মানুষ হবে যেমনটা সে বাড়িতে দেখবে। সে দিক থেকে স্বামী-স্ত্রীর সম্পর্কে সমতা বজায় রাখেন তাঁরা। অভিষেক মানেন, আরাধ্যার প্রজন্মের সঙ্গে তাঁর প্রজন্মে আসলে অনেকটাই পার্থক্য।